- ০৯ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জমির শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির দাবি, এ ধরনের ব্যবসার ফাঁদে পড়ে প্রায় ৪০ হাজার ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ-সংক্রান্ত প্রায় ১০ হাজার মামলা বর্তমানে বিচারাধীন। এতে ঝুঁকির মুখে রয়েছে সাধারণ মানুষের প্রায় ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল। তিনি বলেন, জমির অংশ বা শেয়ার বিক্রির মাধ্যমে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও অনেক প্রকল্পে প্রয়োজনীয় অনুমোদন, জমির মালিকানা, নির্মাণসক্ষমতা কিংবা ফ্ল্যাট হস্তান্তরের আইনি নিশ্চয়তা থাকে না। ফলে অর্থ বিনিয়োগের পরও ক্রেতারা ফ্ল্যাট বুঝে পাওয়া কিংবা বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েন।
রিহ্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারভিত্তিক আবাসন প্রকল্প নিয়ে ৯ হাজার ৮২৩টি মামলা বিচারাধীন ছিল। এসব মামলার সঙ্গে প্রায় ৪০ হাজার ক্রেতা এবং ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ জড়িত। সংগঠনটির আশঙ্কা, এ ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করা না গেলে আগামী দুই থেকে তিন বছরে আইনি জটিলতায় আটকে পড়া অর্থের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।
সংবাদ সম্মেলনে রিহ্যাব জানায়, শেয়ারভিত্তিক অনেক আবাসন প্রকল্পে অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণকাজের মিল পাওয়া যাচ্ছে না। কোথাও একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রকল্পের অর্থ ব্যবহারে স্বচ্ছতার অভাব এবং ভবনের কাঠামোগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এসব প্রকল্পের নির্মিত ভবন স্বাধীন ও নিরপেক্ষ কারিগরি নিরীক্ষার আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
রিহ্যাবের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—শেয়ারের নামে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিনির্ভর অনিয়ন্ত্রিত ব্যবসা বন্ধ করা, প্রকল্পের অনুমোদন ও জমির মালিকানা নিশ্চিত না করে অর্থ সংগ্রহ নিষিদ্ধ করা, নির্মিত ভবনের কারিগরি ও আইনগত নিরীক্ষা এবং প্রতারণার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
সংগঠনটির নেতারা বলেন, বৈধ যৌথ মালিকানা কিংবা বিনিয়োগ ব্যবস্থার বিরোধিতা করছে না রিহ্যাব। তবে জমির অংশীদারত্বের কথা বলে নির্দিষ্ট ফ্ল্যাটের মালিকানা ও হস্তান্তরের আইনি নিশ্চয়তা ছাড়াই ক্রেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহের সুযোগ থাকা উচিত নয়।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, তদন্তের নামে প্রায় তিন মাস ধরে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের চলমান তদন্তে রিহ্যাব পূর্ণ সহযোগিতা করছে। তবে তদন্ত চলার কারণে জাতীয় পর্যায়ের একটি বাণিজ্য সংগঠনের নেতৃত্ব ও প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে রাখা যৌক্তিক নয়। দ্রুত তদন্ত শেষ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
আবাসন খাতে ক্রেতাদের বিনিয়োগ সুরক্ষা, প্রকল্পের স্বচ্ছতা এবং আইনি জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে রিহ্যাব। সংগঠনটির দাবি, যথাযথ নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত না হলে এ খাতে সাধারণ মানুষের আর্থিক ঝুঁকি আরও বাড়তে পারে।