Tuesday, November 10, 2026

বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে বন্ধ আরটিজিএস লেনদেন


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা। এতে এই ব্যবস্থার আওতায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি কার্যক্রম ব্যাহত হচ্ছে। ত্রুটি সারাতে কাজ করছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি সমস্যার কারণে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যাটি সমাধানে কাজ চলছে।

আরটিজিএস হলো বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে বড় অঙ্কের অর্থ তাৎক্ষণিকভাবে পাঠানো যায়। ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ এবং আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রমে এই সেবা ব্যবহৃত হয়। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়।

অন্যদিকে, কোর ব্যাংকিং সিস্টেম বা সিবিএস হলো ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার কেন্দ্রীয় প্রযুক্তিনির্ভর ব্যবস্থা। গ্রাহকের হিসাব পরিচালনা, টাকা জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, ঋণ ব্যবস্থাপনা এবং সুদের হিসাবসহ বিভিন্ন ব্যাংকিং সেবা এর মাধ্যমে পরিচালিত হয়।

সিবিএস ও আরটিজিএসের কাজ আলাদা হলেও প্রযুক্তিগতভাবে একটির সঙ্গে অন্যটির সংযোগ রয়েছে। ফলে সিবিএসে ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংশ্লিষ্ট সেবায় বিঘ্ন ঘটতে পারে।

তবে আরটিজিএস সাময়িক বন্ধ থাকাকে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই। আপাতত এই ব্যবস্থার মাধ্যমে আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তিই ব্যাহত হচ্ছে। কখন নাগাদ সেবাটি স্বাভাবিক হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন