- ১১ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ১১ ধরনের পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন বাকিতে অর্থ পরিশোধের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকেরা পণ্য দেশে আনার পরপরই পুরো অর্থ পরিশোধ না করে নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটিকে এ সুবিধার আওতায় রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব পণ্য আমদানির ক্ষেত্রে সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে সর্বোচ্চ ৯০ দিন পর আমদানি মূল্য পরিশোধ করা যাবে। এ সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন ব্যবস্থায় আমদানিকারকদের তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থের সংস্থান করতে হবে না। পণ্য দেশে এনে বাজারে বিক্রির পর নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের মাধ্যমে আমদানি দায় পরিশোধের সুযোগ পাবেন তাঁরা। এতে ব্যবসায়ীদের চলতি মূলধনের ওপর চাপ কমবে এবং প্রয়োজনীয় পণ্য আমদানিতে অর্থায়নের সুবিধা বাড়বে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজান মাসে খাদ্যপণ্যের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে সরবরাহ স্বাভাবিক রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সাধারণত রমজান ঘিরে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরের মতো পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় আমদানি ও সরবরাহে ঘাটতি দেখা দিলে বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়।
এর আগে গত ৮ নভেম্বর রমজান উপলক্ষে এসব পণ্য আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির কথা উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আমদানির জন্য এলসি খোলার সময় পণ্যের মোট মূল্যের বিপরীতে ব্যাংকে যে পরিমাণ নগদ অর্থ বা জামানত জমা দিতে হয়, সেটিই এলসি মার্জিন। মার্জিন কমানো হলে আমদানিকারকেরা তুলনামূলক কম নগদ অর্থ জমা দিয়ে ঋণপত্র খুলতে পারেন। ফলে আমদানির প্রাথমিক ব্যয় ও অর্থায়নের চাপ কমে।
রমজান সামনে রেখে ধারাবাহিক এসব উদ্যোগের মাধ্যমে আমদানিকারকদের সক্ষমতা বাড়ানো এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বজায় রাখার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এসব সুবিধার সুফল শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়ে কতটা প্রতিফলিত হয়, তা নির্ভর করবে আমদানি, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনার ওপর।