- ১৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার দায়িত্ব থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে মনোযোগ দিতে ভ্যান্সকে নির্দেশ দেওয়ার এ সিদ্ধান্তে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ার পাশাপাশি নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ডেমোক্রেটিক পার্টির কথিত দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে ভ্যান্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো এখন আর মার্কিন সরকারের অগ্রাধিকার নয় বলেও ইঙ্গিত দেন তিনি।
এর আগে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভ্যান্স। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকেই সংঘাত বন্ধে আলোচনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তেহরানের ধারণা, ট্রাম্প প্রশাসনের অন্য অনেক কর্মকর্তার তুলনায় ভ্যান্স ইরান প্রশ্নে তুলনামূলকভাবে বাস্তববাদী এবং আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নাসের হাদিয়ান মনে করেন, ভ্যান্সকে ইরান ইস্যু থেকে সরিয়ে নেওয়ার পেছনে ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব রয়েছে। মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বিরোধী দলকে চাপে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাঁর ধারণা।
তবে এর মধ্য দিয়ে ইরানকেও একটি বার্তা দেওয়া হয়েছে বলে মনে করেন হাদিয়ান। তাঁর মতে, ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্র এখন খুব বেশি আগ্রহী নয় ভ্যান্সকে অন্য দায়িত্বে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে। একই সঙ্গে ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে ইসরায়েলের আগ্রহও এ পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।
বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের অর্থনৈতিক ব্যয় বাড়তে থাকা এবং মার্কিন জনগণের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাবের কারণে ভ্যান্স কূটনৈতিক সমাধানের পক্ষে ছিলেন। জুনে ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনার সময় ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফও তাঁকে সমর্থন করেছিলেন। ওই সমঝোতার ফলে অল্প সময়ের জন্য যুদ্ধ থেমেছিল এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের যুদ্ধ বন্ধের শর্তগুলোকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তবে পূর্ণমাত্রার যুদ্ধের অর্থনৈতিক ও সামরিক ব্যয় নিয়েও উদ্বেগ রয়েছে তাঁর। সে কারণে তেহরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বাড়িয়ে ইরানকে ছাড় দিতে বাধ্য করার কৌশলের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গত অক্টোবরের শেষ দিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইকে চিঠি লিখেছিলেন ভ্যান্স। সে সময় আঞ্চলিক মধ্যস্থতাকারীরাও দুই দেশের বিরোধ কমাতে তৎপরতা বাড়ান। প্রথম দিকে রেজাই চিঠির ভাষাকে ইতিবাচক বললেও পরে ভ্যান্সের সঙ্গে সরাসরি বৈঠক বা আলোচনায় অগ্রগতির খবরকে ‘ভুয়া সংবাদ’ বলে উড়িয়ে দেন।
আরব সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের পরিচালক মোহাম্মদ সালেহ সেদঘিয়ান মনে করেন, ভ্যান্সের সঙ্গে আলোচনা করে কোনো সমঝোতায় পৌঁছানো গেলেও সেটি বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে তেহরানের সংশয় রয়েছে। তাঁর প্রশ্ন, ভ্যান্সের সঙ্গে চুক্তি হলেও ট্রাম্প শেষ পর্যন্ত তা কার্যকর করবেন এ নিশ্চয়তা কোথায়?
সেদঘিয়ানের মতে, দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাসের কারণে আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ইরানের ওপর মার্কিন অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এতে দেশটির অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। তাঁর ভাষায়, যুদ্ধও নয়, আবার আলোচনার মাধ্যমে সমাধানও নয় এমন অনিশ্চিত পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।
ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের জন্য সাতটি শর্ত এবং ছাড় দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট ধারাবাহিকতার দাবি জানানো হয়েছে। তবে এসব শর্ত যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কূটনৈতিক যোগাযোগ চললেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের উত্তেজনা কমেনি। গুরুত্বপূর্ণ এই নৌপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে ঘিরে পাল্টাপাল্টি পদক্ষেপ এবং জাহাজ ও সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটছে।
শুক্রবার ও শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির নিয়মিত সেনাবাহিনী পৃথক বিবৃতিতে কয়েকটি জাহাজের মাইন বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে। তাদের ভাষ্য, অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করার সময় এসব ঘটনা ঘটে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় আটটি ঘটনার কথা জানিয়েছে। এর বেশির ভাগই ওমানের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় নৌপথে ঘটেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই সপ্তাহে প্রণালিটি দিয়ে ১৩৯টি জাহাজ বাইরে গেছে এবং ১৬৯টি জাহাজ প্রবেশ করেছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমেছে।
অধ্যাপক নাসের হাদিয়ানের আশঙ্কা, বর্তমান অবস্থা অনির্দিষ্টকাল মেনে নেবে না ইরান। নৌ অবরোধ, স্থলসীমান্তে বাধা এবং আকাশপথে চলাচলে বিঘ্নসহ চাপ বাড়তে থাকলে তেহরান মার্কিন যুদ্ধজাহাজ, নৌযান কিংবা সামরিক ঘাঁটিতে পাল্টা পদক্ষেপ নিতে পারে। এতে সংঘাতের আশঙ্কা আরও বাড়বে।
তবে ভ্যান্সকে ইরান ইস্যু থেকে সরিয়ে নেওয়ায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক কৌশলে বড় কোনো পরিবর্তন আসবে না বলেও মনে করেন হাদিয়ান। তাঁর মতে, ভ্যান্স দায়িত্বে থাকুন বা না থাকুন, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে নিজেদের শর্ত মানতে বাধ্য করার নীতি অব্যাহত রাখবে ওয়াশিংটন।
সব মিলিয়ে আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ না হলেও দুই দেশের মধ্যে আস্থার সংকট, হরমুজ প্রণালিতে অস্থিরতা এবং সামরিক পদক্ষেপের হুমকি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।