Monday, November 16, 2026

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে এনভিডিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সংশয়


ফাইল ছবিঃ এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে ব্যক্তিগত সম্পর্ক ও চীনে প্রযুক্তি পাচারের অভিযোগের তদন্ত নতুন করে আলোচনায় এনেছে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাকে। বিশেষ করে, কোম্পানির সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) ডেভিড রেবার পদত্যাগের পর নিরাপত্তা বিভাগ এসব বিষয়ে কতটা অবগত ছিল এবং কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে এনভিডিয়ার দীর্ঘদিনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও পণ্য নিরাপত্তা বিভাগের প্রধান ডেভিড রেবার দায়িত্ব ছাড়েন। এর প্রায় আড়াই মাস পর হুয়াংকে ঘিরে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসে। সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের এক নির্বাহীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি প্রথমে আলোচনায় আসে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এনভিডিয়ার চিপ চীনে পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের তদন্ত চলছে। পরে এনভিডিয়ার দুই কর্মীর সঙ্গে হুয়াংয়ের পৃথক সম্পর্কের খবরও প্রকাশিত হয়।

তবে রেবার পদত্যাগ কিংবা তাঁর উত্তরসূরি নিয়োগের সঙ্গে এসব ঘটনা বা মেগাস্পিড তদন্তের কোনো সরাসরি যোগসূত্র এখনো প্রকাশ্যে আসেনি। এনভিডিয়ার নিরাপত্তা বিভাগ এসব বিষয়ে কী জানত, কিংবা কোনো ঝুঁকির কথা কর্তৃপক্ষকে জানিয়েছিল কি না, সেটিই এখন আলোচনার বিষয়।

এনভিডিয়ায় চার বছর প্রধান নিরাপত্তা কর্মকর্তা এবং মোট সাত বছর কাজ করার পর গত আগস্টে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ডেভিড রেবার। লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি জানান, স্বাস্থ্য ও পরিবারকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত থেকেই তাঁর এই প্রস্থান।

রেবার আরও জানান, দুই বছরেরও বেশি সময় আগে তাঁর তরুণ বয়সে শুরু হওয়া পারকিনসন রোগ শনাক্ত হয়েছিল। তবে হঠাৎ করে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তটি আগে থেকে পরিকল্পিত ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

তাঁর স্থলাভিষিক্ত হন সাশা জদজেলার। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক্সনমোবিলে ১৭ বছর কাজ করেছেন। সেখানে জ্যেষ্ঠ আইটি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের পর এক বছর সেলসফোর্স এবং কয়েক বছর সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিভার্সিংল্যাবসে কাজ করেন। দায়িত্ব পরিবর্তন কিংবা নিরাপত্তা বিভাগ কী জানত এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি কোনো জবাব দেননি। রেবার ও এনভিডিয়াও এ বিষয়ে মন্তব্য করেনি।

সাধারণত কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সঙ্গে কর্মীর ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি মানবসম্পদ বিভাগ, আইন বিভাগ কিংবা পরিচালনা পর্ষদের আওতাভুক্ত থাকে। নিরাপত্তা বিভাগের দায়িত্ব হিসেবে বিষয়টি সরাসরি বিবেচিত হয় না। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সম্পর্ক বিদেশি গোয়েন্দা সংস্থার জন্য প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতে পারে।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিকোলাস এফটিমিয়াডিসের মতে, কোনো নির্বাহী ব্যক্তিগত সম্পর্ক গোপন রাখতে চাইলে সেটিকে কাজে লাগিয়ে তাঁকে চাপের মুখে ফেলার চেষ্টা করতে পারে বিদেশি গোয়েন্দা সংস্থা। এনভিডিয়ার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানের ক্ষেত্রে এ ঝুঁকি আরও তাৎপর্যপূর্ণ হতে পারে।

এফটিমিয়াডিস জানিয়েছেন, তিনি এক হাজারের বেশি করপোরেট নিরাপত্তা পেশাজীবীকে প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, গোয়েন্দা সংস্থাগুলো সব সময় প্রযুক্তি হ্যাক করার ওপর নির্ভর করে না। অনেক সময় দৈনন্দিন কথোপকথন, ব্যক্তিগত যোগাযোগ ও সামাজিক সম্পর্কের মধ্য দিয়েই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। ফলে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা নিরাপত্তা দলের জন্য কঠিন হয়ে পড়ে।

তাঁর মতে, অনেক প্রতিষ্ঠানে নিরাপত্তা বিভাগকে প্রয়োজনের তুলনায় সীমিত দায়িত্ব দেওয়া হয়। অর্থ উপার্জনে সরাসরি ভূমিকা না থাকায় এসব বিভাগ প্রায়ই পর্যাপ্ত বাজেট পায় না। এমনকি নিরাপত্তা কর্মকর্তারা ঝুঁকির কথা জানালেও শীর্ষ নির্বাহীদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়।

মেগাস্পিডের বিরুদ্ধে তদন্তের বিষয়টি এনভিডিয়ার শীর্ষ পর্যায়ে আগে থেকেই আলোচনায় ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় আগে থেকেই যুক্তরাষ্ট্র সরকারের এই তদন্তে এনভিডিয়ার শীর্ষ আইনজীবী সম্পৃক্ত ছিলেন। তবে এনভিডিয়া জানিয়েছে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ থাকে।

অন্যদিকে, হুয়াংয়ের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মীদের সম্পর্কের বিষয়টি নিয়েও সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস পাঁচজন এনভিডিয়া কর্মীর বরাত দিয়ে জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে সরাসরি তাঁর অধীনে কাজ করা এক ভাইস প্রেসিডেন্টের সম্পর্ক ছিল। পরে রয়টার্স দুই ব্যক্তির বরাতে আরেকটি সম্পর্কের খবর প্রকাশ করে।

তবে এসব তথ্য এনভিডিয়ার নিরাপত্তা বিভাগের কাছে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিষ্ঠানটির আচরণবিধিতেও কর্মীদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এফটিমিয়াডিসের মতে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর লক্ষ্য সব সময় প্রযুক্তি বা গোপন নথি চুরি করা নয়। কোনো দেশের রপ্তানি নীতি পরিবর্তনের পক্ষে কারা কাজ করছেন, কারা বাধা দিচ্ছেন কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কার প্রভাব সবচেয়ে বেশি এসব তথ্যও তাদের কাছে মূল্যবান।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী যদি ব্যক্তিগত আলাপচারিতায় পরিচালনা পর্ষদের সঙ্গে বিরোধ বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বাধার কথা প্রকাশ করেন, তাহলে সেই তথ্য গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির ই-মেইল, ফোন কিংবা যোগাযোগের অন্য মাধ্যম লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

বিশেষ করে চীনের ক্ষেত্রে এ ধরনের গোয়েন্দা তৎপরতা নতুন নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমন অনেক নির্বাহীই কোনো না কোনো সময় যোগাযোগ বা প্রভাব বিস্তারের চেষ্টার মুখোমুখি হয়েছেন। সোভিয়েত আমলের তুলনায় এখন এ ধরনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়; কয়েক সপ্তাহের বদলে বছরের পর বছর ধরে যোগাযোগ গড়ে তোলা হতে পারে।

প্রযুক্তিগত নজরদারির উদাহরণ হিসেবে তিনি আইএমএসআই ক্যাচারের কথা উল্লেখ করেন। এ ধরনের যন্ত্র কৃত্রিম মোবাইল টাওয়ারের মতো কাজ করে এবং আশপাশের মোবাইল ফোনকে এর সঙ্গে সংযুক্ত করতে পারে। তাঁর দাবি, সাধারণ মানের একটি যন্ত্র প্রায় এক হাজার ডলারে কেনা সম্ভব এবং এটি স্যুটকেসেও বহন করা যায়। তবে সরকারি পর্যায়ের উন্নত সংস্করণগুলোর দাম অনেক বেশি। গত বছর চীনা গুপ্তচরবৃত্তি-সংশ্লিষ্ট কয়েকটি ঘটনায় এ ধরনের প্রযুক্তির ব্যবহারের বিষয়ও সামনে এসেছিল।

হুয়াংয়ের ক্ষেত্রে এমন কোনো যন্ত্র ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনো জানা যায়নি। তাঁর ফোনে নিরাপত্তাব্যবস্থা কতটা শক্তিশালী ছিল, সেটিও স্পষ্ট নয়।

এনভিডিয়ার নিরাপত্তা বিভাগ কী জানত এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তাদের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল কি না, তা এখনো অনিশ্চিত। তবে পরিচালনা পর্ষদের স্বাধীন তদন্ত এবং যুক্তরাষ্ট্রের সরকারি তদন্ত এগোলে বিষয়গুলো সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

এফটিমিয়াডিসি মনে করেন, পুরো ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পের জন্য সতর্কবার্তা হওয়া উচিত। তাঁর মতে, চীনের গোয়েন্দা কৌশল সম্পর্কে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোর সচেতনতা এখনো যথেষ্ট নয়। প্রযুক্তিগত মেধাস্বত্ব হারানোর ক্ষতির পরিমাণও বিপুল বলে মনে করেন তিনি।

তাঁর বক্তব্য, বর্তমান নিরাপত্তাব্যবস্থা দিয়ে যদি এ ধরনের ঝুঁকি ঠেকানো না যায়, তাহলে প্রতিষ্ঠানগুলোর নিজেদের প্রস্তুতি ও কৌশল নতুন করে পর্যালোচনা করা জরুরি।

মেগাস্পিড অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা কোনো অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছে। হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক কিংবা চিপ পাচারের অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি। ফলে এনভিডিয়ার নিরাপত্তা বিভাগ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো দায় নির্ধারণের সুযোগও এখনো তৈরি হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন