- ১৭ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিভিন্ন রণাঙ্গনে ৬৬১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুতিদের অন্তত ১৭৩ জন যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ নামের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। হামলার মধ্যে ছিল ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-নুজাইলি আরও দাবি করেন, এসব অভিযানে হুতিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তাদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষাব্যবস্থাও হামলার শিকার হয়েছে।
তিনি জানান, জনপ্রতিরোধ বাহিনীর সহযোগিতায় সরকারি সেনারা তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের তৎপরতা মোকাবিলা করছেন। দেশের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রণাঙ্গনেও সামরিক অভিযান চলছে। বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার সতর্কতা বজায় রেখে অভিযানের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী।
তবে এসব হামলায় নিহত ও আহতের সংখ্যা কিংবা সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে হুতিদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সরকারি বাহিনীর সর্বশেষ অভিযানের আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কয়েকটি অবস্থান থেকে পিছু হটতে হয়েছে তাদের। হুতিদের অগ্রযাত্রার মুখে লোহিত সাগর উপকূলের একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সরকারি সেনারা কয়েকটি অবস্থান ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক ইউসুফ মাওরি।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী আদেনের প্রতিরক্ষা জোরদার করছে সরকারি বাহিনী। হুতিরা আদেনের দিকে অগ্রসর হতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।
লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ অঞ্চলে হুতিদের অগ্রগতি ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে।
সামরিক উত্তেজনার মধ্যেই হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার একটি বিল সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে ইয়েমেনের পার্লামেন্ট। বিলটিতে সংগঠনটির কর্মকাণ্ড, অর্থায়ন এবং অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি কার্যকর হলে হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করা যাবে। সংগঠনটির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়ার সুযোগও থাকবে। বেসামরিক নাগরিকদের ওপর হামলা, স্থলমাইন পুঁতে রাখা এবং আন্তর্জাতিক নৌযানে হামলার মতো অপরাধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য বিলটি এখন প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠানো হবে।
গত ৫ অক্টোবর হুতিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে সরকারি বাহিনী। এর অন্যতম লক্ষ্য রাজধানী সানাসহ বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো পুনর্দখল করা। অভিযানের ছয় সপ্তাহের মাথায় নতুন করে হামলার এ তথ্য জানাল সেনাবাহিনী।