Tuesday, November 17, 2026

ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি


প্রতীকী ছবিঃ জনপ্রশাসন মন্ত্রণালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

রাজধানীর ফুলবাড়িয়ায় নতুন একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে প্রতিষ্ঠানটি স্থাপনে সম্প্রতি সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও উপসচিব মো. জাহিদ হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।

তবে নতুন মেডিকেল কলেজটির শিক্ষা কার্যক্রম কবে শুরু হবে, আসনসংখ্যা কত হবে কিংবা অবকাঠামো ও শিক্ষক নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন