- ১৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গুম, খুন ও নির্যাতনের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করলে দেশের মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে পেছনের দরজা দিয়ে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তা কখনো সফল হতে দেওয়া হবে না।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশ নেন রুহুল কবির রিজভী।
আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টরা দীর্ঘ সময় ধরে দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। এখন পার্শ্ববর্তী দেশের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। ক্ষমতায় ফিরে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ার যে স্বপ্ন তারা দেখছে, তা আর বাস্তবায়িত হবে না।
রিজভী আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে নিজেদের জন্য নিরাপদ আবাস গড়ে তোলার সুযোগ আর দেওয়া হবে না। দেশের মানুষ যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতৃত্বের প্রশংসা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
বিগত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলনে তাঁদের ত্যাগের কথা উল্লেখ করে রিজভী বলেন, মামলা, কারাবরণ ও নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা দলের আদর্শ ও নীতি থেকে সরে যাননি। নিজেদের জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে গেছেন।
মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথাও স্মরণ করেন তিনি। নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন রিজভী।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী এবং সাবেক সহসভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।