- ১৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে রাজধানীর তেজগাঁও থানায় গিয়ে ফের হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি মুঠোফোন নম্বর থেকে তাঁকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাণনাশের হুমকি পাওয়ার বিষয়ে অভিযোগ জানাতে মাহমুদা মিতু তেজগাঁও থানায় গিয়েছিলেন। সেখানে অবস্থান করার সময়ই তাঁর মুঠোফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।
এর আগে রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অবস্থানকালে মুঠোফোনে একই ধরনের হুমকি পেয়েছিলেন মাহমুদা মিতু। ওই ঘটনার একটি অডিও রেকর্ড প্রকাশ করে এনসিপি।
প্রকাশিত অডিওতে তরুণ কণ্ঠের এক ব্যক্তিকে মাহমুদা আলমকে উদ্দেশ করে বলতে শোনা যায়, তাঁকে টুকরো টুকরো করে ফেলা হবে এবং নিরাপত্তার স্বার্থে দেশ ছেড়ে চলে যেতে হবে। পরিবারের প্রতি মায়া থাকলে দ্রুত দেশ ছাড়ার কথাও বলেন ওই ব্যক্তি। কথোপকথনের একপর্যায়ে তিনি পরদিন একই সময়ে আবার ফোন করার কথা জানিয়ে কলটি কেটে দেন।
এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কয়েক দিন ধরে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন মাহমুদা মিতু।
এদিকে, এনসিপি থেকে গত ৫ নভেম্বর পদত্যাগ করা সামান্তা শারমিনকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব হুমকির ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।