Tuesday, November 17, 2026

নীতিনির্ধারণে যুক্ত হচ্ছেন পেশাজীবী ও বিশেষজ্ঞরা, কাঠামো বদলাচ্ছে জামায়াত


প্রতিই ছবিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

রাজনৈতিক পরিসরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন অর্জনে সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতদিন দলের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরামগুলোতে যুক্ত হওয়ার ক্ষেত্রে শপথপ্রাপ্ত সদস্য বা রুকন হওয়ার বাধ্যবাধকতা ছিল। এবার সেই নিয়মে পরিবর্তন এনে বিভিন্ন পেশার দক্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার বিষয়টি বিবেচনা করছে দলটি।

এ লক্ষ্যে জামায়াতের আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তাভাবনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের গঠনতন্ত্র সংশোধন কমিটির পর্যালোচনা ও সুপারিশের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ বিষয়ে বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে এ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি জানান, জামায়াতের আমিরকে প্রয়োজনীয় পরামর্শ দিতে বিভিন্ন শ্রেণি-পেশার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা রয়েছে। সংশোধন কমিটি এ বিষয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের প্রচলিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার মাধ্যমে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়। এসব ফোরামে অংশগ্রহণের ক্ষেত্রে রুকন হওয়ার শর্ত দীর্ঘদিন ধরে কার্যকর রয়েছে। তবে নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে দলের বাইরের পেশাজীবী ও বিশেষজ্ঞরাও পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি কাজ করছে। কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং দলের নির্বাহী পরিষদও প্রস্তাবটির বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে সাবেক বেসামরিক ও সামরিক কর্মকর্তা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের রাখা হতে পারে। বিরোধী দল হিসেবে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখা এবং ভবিষ্যতে সরকার পরিচালনার প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ বিবেচনা করা হচ্ছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির ছায়া মন্ত্রিসভায় ইতিমধ্যে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি বড় দল কাজ করছে। তারা সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য বিকল্প পরিকল্পনা এবং সমস্যা সমাধানের উপায় নিয়ে কাজ করছেন।

এহসানুল মাহবুব জুবায়েরের ভাষ্য, সরকারের ভুলত্রুটি চিহ্নিত করার পাশাপাশি জামায়াত ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেসব সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েও বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। দলটিকে আরও গণমুখী ও জনসম্পৃক্ত করে তুলতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়ায় কয়েকটি সাংগঠনিক ধাপ অনুসরণের নিয়ম রয়েছে। প্রথমে সংশোধন-সংক্রান্ত উপকমিটির সুপারিশ নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর রুকন সম্মেলনে তা পাস হওয়ার কথা।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, দেশজুড়ে প্রায় সোয়া লাখ রুকনকে নিয়ে কেন্দ্রীয় সম্মেলন আয়োজন করা সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমেও সংশোধনী অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তবে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের কাঠামো, সদস্য নির্বাচন এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাঁদের ভূমিকা কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। গঠনতন্ত্র সংশোধন কমিটির সুপারিশের পরই এ বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন