- ১৫ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জুলাইয়ের চেতনা ও রাজনৈতিক ঐক্যের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তাঁর মতে, এনসিপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ঐক্যবদ্ধ থাকবে, নাকি দেশবাসীকে আবারও পতিত ফ্যাসিবাদের কবলে পড়ার ঝুঁকিতে ফেলবে।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে হামিম বলেন, হাসিব কিংবা নুসরাতের মতো ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে এনসিপির শিক্ষা নেওয়া উচিত। নিজেদের নিরাপদ অবস্থানে রেখে সব ধরনের রাজনৈতিক ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব বিএনপি ও দেশের সাধারণ মানুষের ওপর ছেড়ে দিলেও নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের ছাড় দেবে না বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির উদ্দেশে তিনি আরও বলেন, নিজেদের নিরাপদ মনে করে অন্যদের সামনে রেখে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি।
পোস্টের শেষাংশে জুলাই আন্দোলনকে ব্যর্থ করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে হামিম বলেন, দেশের বাইরে অবস্থানরত পতিত ফ্যাসিবাদী শক্তি এবং দেশের ভেতরে তাদের সহযোগীরা এখনো এ আন্দোলনের অর্জন নস্যাৎ করার চেষ্টা করছে।
এ ধরনের অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিতভাবে তাদের রাজনৈতিকভাবে পরাস্ত করতে হবে এবং দেশের মাটিতেই তাদের ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে।
শেখ তানভীর বারী হামিমের এই বক্তব্যকে ঘিরে জুলাই আন্দোলনের চেতনা, রাজনৈতিক ঐক্য এবং এনসিপির অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।