- ১৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ নিয়েও সফলতা আসেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তাঁর দাবি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এমনকি আফ্রিকার কোনো রাষ্ট্রও শেখ হাসিনাকে আশ্রয় দিতে সম্মতি জানায়নি। ফলে তাঁকে নিয়ে ভারত সরকার ক্রমেই কূটনৈতিক অস্বস্তিতে পড়ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাজমুল হক।
পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বিভিন্ন দেশের সঙ্গে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে আলোচনা করেও ভারত সফল হয়নি। এমনকি আফ্রিকার কোনো দেশও তাঁকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে দাবি করেন তিনি।
নাজমুল হকের ভাষ্য, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। বিষয়টি শুধু বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পর্যায়েও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক সরকারপ্রধানকে ভারত কেন দীর্ঘদিন আশ্রয় দিয়ে রেখেছে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নিজের বক্তব্যের সমর্থনে বিবিসি বাংলার একটি প্রতিবেদনের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। তাঁর উল্লেখ করা প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য একটি সম্ভাব্য সমাধান হতে পারত। এ বিষয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও সেই প্রচেষ্টা সফল হয়নি। ফলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকেই ভারত বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে বলে তিনি দাবি করেন।
পোস্টে শেখ হাসিনার দেশত্যাগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিণতি নিয়েও সমালোচনা করেন নাজমুল হক। তাঁর অভিযোগ, ক্ষমতা ছেড়ে দেশ ছাড়ার সময় শেখ হাসিনা দলের অসংখ্য নেতাকর্মীকে অনিশ্চয়তা ও বিপদের মধ্যে রেখে গেছেন। অথচ নিজের পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়ে তিনি নিজেও দেশত্যাগ করেন।
এ প্রসঙ্গে শেখ হাসিনার ছেলের একটি বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি। নাজমুল হকের দাবি, দেশত্যাগের পর নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনার ছেলের বক্তব্য ছিল, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই।’ এটিকে তিনি দায়িত্বহীন অবস্থান হিসেবে অভিহিত করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা নিয়েও সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। তাঁর মতে, দেশের বাইরে অবস্থান করে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের ঘোষণা দেওয়া হচ্ছে। এতে দেশে অবস্থানরত নেতাকর্মীরা নতুন করে ঝুঁকির মধ্যে পড়ছেন।
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে নাজমুল হক তাঁর পোস্টে বলেন, যে নেতৃত্ব ক্ষমতায় থাকার সময় কর্মীদের ব্যবহার করেছে, সংকটের মুহূর্তে তাদের পাশে না থেকে দেশ ছেড়েছে, সেই নেতৃত্ব এখন নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে আবারও কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তাই আবেগের বশবর্তী হয়ে কোনো কর্মকাণ্ডে জড়ানোর আগে নিজেদের এবং পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাঁর প্রত্যর্পণ ও বিচার নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।