- ১২ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের জন্য সহিংসতার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, মানুষের বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়ে রাজনীতিতে ফিরে আসা সম্ভব নয়। জীবন বাজি রেখে যারা রাজপথে নেমেছিলেন, ভয়ভীতি দেখিয়ে তাঁদের আন্দোলন থেকেও সরিয়ে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তাসনিম জারা নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। তাঁর মতে, শুরুতেই এ ধরনের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। দায়িত্বশীল ব্যক্তিদের এ বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়।
পোস্টের শেষাংশে নুসরাত তাবাসসুমের প্রতি সংহতি জানিয়ে তাসনিম জারা লেখেন, ‘নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।’
উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নুসরাতের অভিযোগ, হামলার আগে তিনি হুমকি পেয়েছিলেন এবং ঘটনাটির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।