- ১১ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী বিশেষ অভিযান চালানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজারে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় ছাত্রশক্তির দাবি, হাসিবের ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের ভাষ্য, দেশজুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘবদ্ধ তৎপরতা ও হামলার ঘটনা অব্যাহত রয়েছে। হাসিবের ওপর হামলা, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো একই ষড়যন্ত্রের অংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করে, ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। অথচ নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর মন্ত্রণালয়ের ব্যর্থতাকে দায়ী করেছে সংগঠনটি।
এ পরিস্থিতিতে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। দাবিগুলোর মধ্যে রয়েছে—হাসিব আল ইসলামের ওপর হামলাকারী এবং গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।
সংগঠনটি বলেছে, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে হামলার বিচার নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।