- ১৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজনৈতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং রাষ্ট্র পরিচালনায় আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের চিন্তা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিনের প্রচলিত নীতিতে পরিবর্তন এনে এবার দলটির নীতিনির্ধারণী প্রক্রিয়ায় বাইরের পেশাজীবী ও বিশেষজ্ঞদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে গঠনতন্ত্র সংশোধনের আলোচনায় একটি স্বতন্ত্র উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব এসেছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার অভিজ্ঞ ব্যক্তি ও বিশেষজ্ঞরা এই পরিষদে যুক্ত হতে পারবেন। তাঁদের জামায়াতের শপথবদ্ধ সদস্য বা ‘রুকন’ হওয়ার বাধ্যবাধকতা থাকবে না। দলের আমিরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়াই হবে এই পরিষদের প্রধান কাজ।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে প্রস্তাবটি নীতিগতভাবে সমর্থন পেয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে আলোচনা ও পর্যালোচনার পর্যায়েই রয়েছে।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি এখনো আলোচনাধীন। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে এ নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে আমিরের জন্য একটি পরামর্শক পরিষদ গঠনের চিন্তা রয়েছে। সংশ্লিষ্ট কমিটির পূর্ণাঙ্গ মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দলটির অভ্যন্তরীণ সূত্র বলছে, আধুনিক রাষ্ট্র পরিচালনা, নীতিনির্ধারণ এবং জনসম্পৃক্ততা বাড়াতে শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বাইরের অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের সহযোগিতা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে জামায়াতের নেতৃত্ব। এ কারণে প্রচলিত সাংগঠনিক ব্যবস্থায় পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
বর্তমানে জামায়াতের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালিত হয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার মাধ্যমে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, এসব কাঠামোয় যুক্ত হওয়ার ক্ষেত্রে রুকন হওয়ার শর্ত রয়েছে। ফলে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদ বাস্তবায়িত হলে দলের প্রচলিত সাংগঠনিক ব্যবস্থায় এটি হবে একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
জানা গেছে, সাবেক বেসামরিক ও সামরিক কর্মকর্তা, সাবেক সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীদের এই পরিষদে অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে। বিশেষ করে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, শিক্ষা, পররাষ্ট্রনীতি ও প্রশাসনিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দলটি।
দলীয় সূত্রের মতে, রাজনীতির পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক অঙ্গনে জামায়াতের সাংগঠনিক উপস্থিতি আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ক্রীড়া, সংস্কৃতি ও সাংবাদিকতা সংশ্লিষ্ট ক্ষেত্রে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি দলের যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন আয়োজনের কথা রয়েছে। দেশের প্রায় ৫০০ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।
এদিকে, দলটির ছায়া মন্ত্রিসভায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি বড় দল কাজ করছে বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। তাঁর ভাষ্য, এসব বিশেষজ্ঞ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম পর্যালোচনা করছেন। পাশাপাশি জামায়াত ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে সংশ্লিষ্ট খাতগুলোর সমস্যা মোকাবিলায় কী ধরনের দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও কাজ চলছে।
গঠনতন্ত্র সংশোধনের বর্তমান প্রক্রিয়া অনুযায়ী, সংশ্লিষ্ট উপকমিটির সুপারিশ প্রথমে কেন্দ্রীয় নির্বাহী পরিষদে, পরে কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর রুকন সম্মেলনে তা পাসের বিধান রয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে প্রায় সোয়া লাখ রুকনের সম্মেলন আয়োজন করা সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমেও সংশোধনী অনুমোদনের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
তবে উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব শেষ পর্যন্ত গঠনতন্ত্রে যুক্ত হবে কি না, তা নির্ভর করছে সংশ্লিষ্ট কমিটির পর্যালোচনা এবং দলীয় অনুমোদনের ওপর।