Sunday, November 15, 2026

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, নোয়াখালীতে পিটিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ


ছবিঃ নোয়াখালীর চাটখিল থানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৬৩) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের বক্তারপুর গ্রামের মুন্সী চকিদার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বক্তারপুর গ্রামের মুন্সী চকিদার বাড়ির পাশে কয়েকজন শিশু ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বল গিয়ে ওই বাড়ির ফয়সালের মা রওশন আরা বেগমের গায়ে লাগে। এ নিয়ে মীর হোসেনের নাতি হাবিবুরের সঙ্গে রওশন আরা বেগমের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাবিবুরের দাদা মীর হোসেন সেখানে এগিয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় রওশন আরা বেগমের ছেলে ফয়সালসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মীর হোসেন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ফয়সালকে প্রধান আসামি করে ছয় থেকে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত দুই আসামি আলা উদ্দিন ও বারেককে গ্রেপ্তার করেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন