- ১৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি
খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী এলাকায় অংথেপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে সীমান্তসংলগ্ন ফেনী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত অংথেপ্রু মারমা সাবেক বিডিআর সদস্য ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা।
তিনি রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা। স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন।
নিহতের ছেলে থৈ অংগ্য মারমা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও বাবার সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবি বিওপিতে বিষয়টি জানানো হয়। পরে বিজিবি সদস্যরাও তাঁকে খুঁজতে তৎপর হন।
তিনি বলেন, শনিবার ভোর থেকে গ্রামবাসী ও স্বজনেরা আবারও খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় ফেনী নদীর তীরে বাবার ঘাসের বস্তাটি পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে আশপাশে তল্লাশি চালিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
থৈ অংগ্য মারমা আরও জানান, তাঁর বাবার কপালে আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহ উদ্ধারের সময়ও রক্তক্ষরণ হচ্ছিল।
খবর পেয়ে বিজিবি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সীমান্তের ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই স্বজনেরা নদীর অপর পাড় থেকে মরদেহ উদ্ধার করে বাংলাদেশের অংশে নিয়ে আসেন।
পরে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ১০টার দিকে মরদেহটি থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কী কারণে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।