Thursday, November 12, 2026

লক্ষ্মীপুরে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা


ছবিঃ দুধের কৌটায় ছিল শক্তিশালী আইইডি বোমা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু সন্দেহে উদ্ধার করা দুটি দুধের কৌটার ভেতরে একাধিক শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমার সন্ধান পাওয়া গেছে। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে কৌটা দুটি পরীক্ষা করে। বিস্ফোরণের আশঙ্কা থাকায় বোমা নিষ্ক্রিয় করার আগপর্যন্ত এলাকাটি ঘিরে রেখে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ির উঠানের একটি গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটাগুলোর ভেতরে বিস্ফোরক থাকতে পারে—এমন সন্দেহে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তা নেওয়া হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম সুজন নামের এক ব্যক্তিকে ঘিরে তদন্ত করছে পুলিশ। গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় তার নাম উঠে আসে। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এর পরদিন ওই বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটা দুটি পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রতিবেশী জানান, প্রায় দুই মাস ধরে সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়িটির চারপাশ বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘিরে রাখা হয়েছিল। বাইরের লোকজনের প্রবেশ ঠেকাতে প্রবেশপথেও প্রতিবন্ধকতা তৈরি করা হয়। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না। বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার এবং উঠানে পুঁতে রাখা কৌটায় বিস্ফোরক পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, দুধের কৌটা দুটির ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা প্রাথমিকভাবে নিশ্চিত করেন। বৃহস্পতিবার দুপুরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে একই ব্যক্তির ভাড়া বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।

এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন