Thursday, November 12, 2026

খাগড়াছড়িতে দুই সরকারি কার্যালয়ে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার


ছবিঃ গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি


খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।


খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, রাত পৌনে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন, আগুন নেভানোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগুনে তার কার্যালয়ের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।


তিনি আরও জানান, পরে ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে কার্যালয়ের পেছনের অংশ পরিদর্শন করেন। সেখানে একটি কেরোসিনের বোতল ও টিন দেখতে পান তাঁরা। পরে ঘটনাস্থল থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সরকারি নথিপত্র নষ্ট করার উদ্দেশ্যে ভূমি কার্যালয়ের কানুনগোর নথি সংরক্ষণের কক্ষে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।


তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে হচ্ছে না। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


দুটি সরকারি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ সরকারি নথি ও দাপ্তরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন