- ১৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা
ডিসেম্বরকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধভাবে দেশে প্রবেশ এবং সম্ভাব্য নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা তৎপরতা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
তিনি জানান, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং নির্ভরযোগ্য তথ্যদাতাদের (সোর্স) মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতের বেলায় টহলের সময় বহনযোগ্য সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, গত জুন মাসে বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা বাড়িয়েছিল। নেত্রকোনা সীমান্তেও এ ধরনের তৎপরতা দেখা যায়। তবে বিজিবির সতর্ক অবস্থান, নিয়মিত টহল, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই সীমান্ত দিয়ে কোনো পুশইনের ঘটনা ঘটেনি।
সীমান্তে মানব পাচার প্রতিরোধে নেওয়া পদক্ষেপের তথ্য তুলে ধরে তিনি জানান, গত এক বছরে তিনজন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে পাচারের শিকার ৯ জন পুরুষ ও দুই নারীকে উদ্ধার করা হয়েছে।
মাদক চোরাচালানবিরোধী অভিযানের সাফল্য তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, গত এক বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮টি ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।