- ১৫ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং সম্প্রতি দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলেও অংশ নিয়েছিলেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে লালবাগ থানার আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
লালবাগ থানা পুলিশের বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। অন্য দুজন রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে গ্রেপ্তার চারজনও অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
এর পরদিন ১৪ নভেম্বর আজিমপুরে সোহরাব হোসেন সুমন মিয়ার বাসায় সহযোগীদের নিয়ে একটি গোপন বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কী কী অভিযোগে মামলা করা হচ্ছে এবং তদন্তে আরও কারও সম্পৃক্ততা পাওয়া যায় কি না, তা পরবর্তী পুলিশি কার্যক্রমে স্পষ্ট হবে।