Monday, November 16, 2026

নারায়ণগঞ্জে চালককে কুপিয়ে হত্যা, আধা ঘণ্টা পর ফিরে স্বীকারোক্তি


ছবিঃ যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামে এক মাইক্রোবাসচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর অভিযুক্ত আল আমিন নিজেই ঘটনাস্থলে ফিরে এসে হত্যার দায় স্বীকার করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে। পেশায় তিনি মাইক্রোবাসচালক ছিলেন। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় আল আমিন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে রনির ওপর হামলা চালান তিনি। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রনিকে শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হত্যার পর ঘটনাস্থল ছেড়ে চলে যান আল আমিন। তবে প্রায় ৩০ মিনিট পর আবার সেখানে ফিরে এসে উপস্থিত লোকজনের সামনে নিজেই হত্যার কথা স্বীকার করেন। পরে উত্তেজিত স্থানীয়রা তাঁকে মারধর করে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, হত্যার কিছুক্ষণ পর অভিযুক্ত নিজেই ঘটনাস্থলে ফিরে এসে রনিকে হত্যার কথা স্বীকার করেন। এরপর স্থানীয় লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাঁর দাবি, অভিযুক্তকে দেখে নেশাগ্রস্ত মনে হচ্ছিল। কয়েক দিন ধরে নিহত রনির সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলেও শুনেছেন তিনি।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আল আমিনকে আটক করে থানায় রাখা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলে দেওয়া হয়েছে, সে সম্পর্কেও তথ্য পাওয়া গেছে। সেটি উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন জানিয়েছেন, রাস্তায় চলার সময় রনি এক নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। এর প্রতিবাদ করায় রনি তাঁকে মারধর করেন। সেই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে তিনি রনিকে হত্যা করেন বলে দাবি করেছেন।

ওসি আরও বলেন, অভিযুক্তের কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা দেখা যাচ্ছে। তিনি এলোমেলো কথা বলছেন। প্রাথমিকভাবে তাঁকে মানসিকভাবে সুস্থ মনে হচ্ছে না। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ, অভিযুক্তের বক্তব্য এবং তাঁর মানসিক অবস্থা সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন