- ১৫ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পিরোজপুর
২০০৭ সালের ১৫ নভেম্বর। রাত যত গভীর হচ্ছিল, ততই বাড়ছিল ঝড়ের তাণ্ডব। রাত ২টার দিকে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মুহূর্তেই বদলে যায় দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদের চিত্র। কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর পানি আর প্রচণ্ড বাতাসের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় পিরোজপুরের বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়ে হাজার হাজার ঘরবাড়ি, প্রাণ হারান শত শত মানুষ। সেই ভয়াবহ রাতের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন উপকূলের বাসিন্দারা।
সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও পিরোজপুরের বিভিন্ন এলাকায় নদী রক্ষার পর্যাপ্ত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি। কোথাও বাঁধ ভেঙে পড়ে আছে, কোথাও নদীভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ফলে সামান্য জোয়ার কিংবা বর্ষণেই প্লাবিত হচ্ছে নিচু জনপদ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখে নতুন করে ঘরবাড়ি হারানোর আশঙ্কায় দিন কাটছে নদীপাড়ের লক্ষাধিক মানুষের।
বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৭ সালের সিডরে পিরোজপুরের সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি। নষ্ট হয় ১১ হাজার ৭৪৬ হেক্টরের বেশি জমির ফসল। এ ছাড়া জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত হয় অসংখ্য সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা।
সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ছিল মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, ক্ষ্যাতা চিড়া ও মাঝের চর। একইভাবে ক্ষতিগ্রস্ত হয় ভান্ডারিয়া, জিয়ানগর এবং পিরোজপুর সদর উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন জনপদ। ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নেও ছিল ব্যাপক প্রাণহানি। শুধু এই ইউনিয়নেই সেদিন মারা যান ৫৭ জন।
সিডরের সেই ভয়াল রাতের স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় জিয়ানগর উপজেলার বেপশাবুনিয়া গ্রামের হনুফা বেগমকে। ঘূর্ণিঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে প্রাণ হারায় তাঁর শিশু সন্তান রাব্বি। দীর্ঘ ১৯ বছরেও সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি।
হনুফা বেগম বলেন, সিডরে তাঁর সবকিছু শেষ হয়ে গেছে। সন্তান হারানোর পাশাপাশি বারবার বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের বাড়িঘর। গত বছরও এলাকায় গলাসমান পানি উঠেছিল। অথচ এখনো সেখানে কোনো কার্যকর বেড়িবাঁধ নেই। তাঁর দাবি, এলাকাবাসীর নিরাপত্তার জন্য দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা হোক।
জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কঁচা নদীতীরবর্তী বাসিন্দা আবুল কালামের অভিজ্ঞতাও একই। সিডরের রাতে ঘরের নিচে চাপা পড়েছিলেন তিনি। তাঁর ভাষ্য, রাত ২টার দিকে বাতাসের তীব্রতা বাড়ার পর অল্প সময়ের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে যায়। নদীর পানি বেড়ে বাঁধ উপচে ও ভেঙে লোকালয়ে প্রবেশ করে। ভেসে যায় ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী। এত বছর পেরিয়ে গেলেও তাঁদের এলাকার বেড়িবাঁধের স্থায়ী সংস্কার হয়নি।
একই এলাকার মিনারা বেগম জানান, সিডরের পর আরও অনেক ঘূর্ণিঝড় ও বন্যার মুখোমুখি হতে হয়েছে তাঁদের। কিন্তু এখনো টেকসই বাঁধ নির্মাণ করা হয়নি। ফলে প্রতিবছর দুর্যোগ এলেই ঘরবাড়ি, রান্নার চুলা ও প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে তলিয়ে যায়। নদীর পাশে বসবাস করলেও নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই তাঁদের।
পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামের বাসিন্দাদের দুর্ভোগও কম নয়। নদীভাঙনের কারণে বসতভিটা ও স্থাপনা হারানোর পাশাপাশি শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। স্থানীয় মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, নদীভাঙনে তাঁদের এলাকার মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন। স্কুল-মাদ্রাসায় যাতায়াতেও সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের। নদীভাঙন অব্যাহত থাকলে তাঁদের মসজিদটিও বিলীন হয়ে যেতে পারে। এলাকায় পর্যাপ্ত সাইক্লোন সেন্টার না থাকায় দুর্যোগের সময় আশ্রয় নেওয়ার সংকটও রয়েছে।
তাঁর দাবি, নদীভাঙন ঠেকাতে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে।
নদীভাঙনে শুধু বসতবাড়িই হারাচ্ছেন না স্থানীয়রা, হারাচ্ছেন জীবিকার শেষ সম্বলটুকুও। জেলে আজমল খান জানান, একসময় তাঁদের এলাকায় অনেক পরিবার বসবাস করত। কিন্তু নদীভাঙনে জমিজমা ও ঘরবাড়ি বিলীন হওয়ায় অনেকে অন্যত্র চলে গেছেন। জোয়ারের পানি বাড়লেই এখনো তাঁদের এলাকা তলিয়ে যায়। দুর্যোগের সময় কোথাও যাওয়ার জায়গা থাকে না। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে অন্যত্র চলে যাওয়া ছাড়া উপায় থাকবে না।
এদিকে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, সিডরের পর দেশি-বিদেশি তহবিলের সহায়তায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণে কাজ করেছিল রেড ক্রিসেন্ট। দুর্যোগের পর নগদ অর্থসহ বিভিন্ন সহায়তাও দেওয়া হয়। বর্তমানে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
বেড়িবাঁধ সংস্কার ও পুনর্নির্মাণের বিষয়ে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, ২০০৭ সালের সিডরে জেলার বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে ইন্দুরকানী ও হুলারহাট এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ করা হয়, যেগুলো এফসিডিআই বেড়িবাঁধ নামে পরিচিত। এসব বাঁধের মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অনুন্নয়ন রাজস্ব খাত থেকে শংকরপাশা ও শারিকতলা এলাকায় কিছু বেড়িবাঁধ মেরামত করা হয়েছে। বর্তমানে সন্ধ্যা, কঁচা ও বলেশ্বর নদী নিয়ে একটি সমীক্ষা পরিচালনার কাজ চলছে। সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের সুপারিশ করা হবে।
অন্যদিকে পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, সিডরের পর দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে জেলায় একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এ ছাড়া দুর্যোগের সময় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে জেলাজুড়ে ৪০০টির বেশি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, সিডরে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘাট ও বেড়িবাঁধের অনেকাংশ ইতোমধ্যে মেরামত করা হয়েছে। যেসব স্থানে এখনো সংস্কার বাকি রয়েছে, সেগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
সিডরের পর পিরোজপুরে আঘাত হেনেছে ফণী, আইলা, আম্ফানসহ একাধিক ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবারই নতুন করে ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন উপকূলের মানুষ। কিন্তু দীর্ঘ সময়েও নদীতীরের সব ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নিশ্চিত করা যায়নি।
ফলে ১৯ বছর পরও সিডরের ক্ষত পুরোপুরি মুছে যায়নি পিরোজপুরের উপকূল থেকে। নদীভাঙন, জোয়ারের পানি আর দুর্যোগের আশঙ্কা নিয়ে বসবাস করছেন হাজারো পরিবার। স্থানীয়দের কাছে এখন সবচেয়ে বড় প্রত্যাশা ত্রাণ কিংবা সাময়িক মেরামত নয়, বরং এমন একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ, যা তাঁদের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবনকে আগামী দিনের দুর্যোগ থেকে সুরক্ষা দেবে।