Monday, November 16, 2026

কক্সবাজার বিয়েবাড়িতে পুলিশের গুলিতে শিশু-কিশোরসহ আহত ৭


প্রতীকী ছবিঃ বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে ডাকাত ধরতে পুলিশের অভিযানের সময় বিয়েবাড়িতে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এতে শিশু-কিশোরসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মিনহাজ উদ্দিন (২৪) নামের এক যুবকের অবস্থা গুরুতর। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন দরগাহ ঘোনা এলাকার মিনহাজ উদ্দিন, আবদুর রহিম কালো (১৬), রাহাত (১২), মো. ওয়াসিফ (৮), বাবু (১৮) ও ছাদেক (২৫)। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহত মিনহাজ ও তাঁর পরিবারের অভিযোগ, ডাকাত ধরতে গিয়ে পুলিশ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আনন্দ-উৎসবে অংশ নেওয়া কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর বিষয়টি আড়াল করতে আহতদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।

আহত মিনহাজ উদ্দিন জানান, শুক্রবার রাতে তাঁদের এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে আনন্দ করছিলেন তাঁরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আতঙ্কিত হয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পেছন থেকে পুলিশ সদস্যরা গুলি ছোড়েন। এতে ছয় থেকে সাতজন আহত হন। তাঁর পায়ে একাধিক গুলি লাগায় ঘটনাস্থল থেকে পালাতে পারেননি তিনি।

মিনহাজের অভিযোগ, আহত অবস্থায় তাঁকে আটক করে কালারমারছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে এসআই রাজুসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁকে মারধর করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন। পুলিশের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, ডাকাতের গুলিতে আহত হয়েছেন—এমন বক্তব্য দিয়ে ভিডিও ধারণ করতে তাঁকে চাপ দেওয়া হয়েছিল। পরে তাঁকে মহেশখালী থানায় নেওয়া হয়। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের একটি দল ডাকাত ধরতে উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় অভিযান চালায়। ওই সময় স্থানীয় বাসিন্দা ভুট্টোর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে শিশু-কিশোরসহ অনেকেই উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ছোটাছুটি। এ সময় পুলিশ পেছন থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে সাতজন আহত হন।

স্থানীয়দের দাবি, মিনহাজের পায়ে একাধিক গুলি লাগায় তিনি ঘটনাস্থল থেকে সরে যেতে পারেননি। পরে পুলিশ তাঁকে আহত অবস্থায় আটক করে। প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

আহত কয়েকজনের অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিয়েবাড়িতে পুলিশের গুলিতে তাঁদের সন্তানরা আহত হয়েছে। কিন্তু পরে তাঁদের ডেকে নিয়ে ডাকাতের গুলিতে আহত হওয়ার বক্তব্য দিতে চাপ দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়রানি কিংবা মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় তাঁরা প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

মিনহাজের ভাই কফিল উদ্দিন অভিযোগ করেন, তাঁর ভাইকে বিয়েবাড়ি থেকে গুলি করার পর আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে মারধর করা হয়। পরে মহেশখালী থানায় নেওয়া হলেও তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এরপরও ডাকাতের গুলিতে আহত হওয়ার বক্তব্য দিয়ে ভিডিও ধারণ এবং ডাকাতদের বিরুদ্ধে মামলা করার জন্য চাপ দেওয়া হয়। এতে রাজি না হলে অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

কফিল উদ্দিন বলেন, ভাইয়ের চিকিৎসা নিশ্চিত করতে এবং আরও হয়রানি এড়াতে বাধ্য হয়ে তাঁরা পুলিশের চাওয়া অনুযায়ী ভিডিও বক্তব্য দিয়েছেন। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোলতান। যুগান্তরকে তিনি বলেন, বিয়েবাড়িতে একজন ডাকাতকে ধরতে পুলিশ অভিযান চালিয়েছিল। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন নিরীহ ব্যক্তি গুলিবিদ্ধ হন। তবে পুলিশ কোনো গুলি ছোড়েনি।

আহত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে বক্তব্য নেওয়া কিংবা তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওসি।

একটি বিয়ের অনুষ্ঠানকে ঘিরে পুলিশের অভিযান ও গুলিবর্ষণের অভিযোগে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে আহতদের পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করা হচ্ছে, অন্যদিকে পুলিশের দাবি, অভিযানের সময় ডাকাতদের গুলিতেই সাধারণ মানুষ আহত হয়েছেন। ফলে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন