Monday, November 16, 2026

শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই, ফাঁসির রায় কার্যকরের দাবি আখতার হোসেনের


ছবিঃ এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নাকচ করে দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, তাঁকে দেশে ফিরিয়ে আনতে হবে আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকরের দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) যুগান্তরকে দেওয়া এক বক্তব্যে আখতার হোসেন বলেন, শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নই অবান্তর। আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া তাঁর দেশে আসার কোনো সুযোগ নেই। দেশে ফেরার নামে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আখতার হোসেন বলেন, দেশে গণহত্যা, গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতিরোধে জনগণ প্রস্তুত রয়েছে। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে তাঁরা মাঠে থাকবেন এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবেন। জুলাইয়ের যোদ্ধারাও প্রস্তুত রয়েছেন বলে দাবি করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আখতার হোসেন। সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে এনসিপির মহানগর ইউনিট এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন।

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে আখতার হোসেন অভিযোগ করেন, সরকার আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে। তাঁর দাবি, যে বাড়িতে দীর্ঘদিন ধরে মানুষ বসবাস করছেন এবং ঘটনার আগের রাতেও পরিবারের সদস্যরা ঘুমিয়েছেন, সেই বাড়িকে পরিত্যক্ত বলা দায়িত্বশীল আচরণ নয়।

তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের সুযোগ পাচ্ছে। দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং বিচারপ্রক্রিয়া কার্যকর করা হলে এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ তৈরি হতো না।

এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় নাশকতার পরিকল্পনা করছেন, কোথায় সংগঠিত হচ্ছেন কিংবা কোথায় অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছেন এসব বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো কার্যকরভাবে তথ্য সংগ্রহ করতে পারছে না।

নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সরকার তদন্তের কথা বললেও ইতোমধ্যে প্রকাশিত সিসিটিভি ফুটেজে বাইরে থেকে আগুন নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। এরপরও ঘটনায় জড়িত ব্যক্তিদের কেন গ্রেপ্তার করা হয়নি, সে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, ফুটেজ থাকার পরও অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিলম্ব গ্রহণযোগ্য নয়। দ্রুত জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।

প্রতিবাদ সমাবেশ থেকে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এনসিপির সদস্য সচিব।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন