Tuesday, November 17, 2026

লন্ডনে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত অন্তত চার


ছবিঃ এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সোমবার (১৬ নভেম্বর) লন্ডনের ‘মে ফেয়ার’ হলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে এ সংঘর্ষ হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ গণমাধ্যমকে জানান, সংবর্ধনা অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা হল থেকে বের হওয়ার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে জানা যায়, অনুষ্ঠান চলাকালে হলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ সমর্থকেরা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। পরে তাঁরা অনুষ্ঠানে আসা অতিথিদের ওপর চড়াও হন। অনুষ্ঠান শেষ হলে হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে সড়কে পার্ক করে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে থাকা লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য সফররত নাহিদ ইসলামকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দলটির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র সমর্থকেরা পরিকল্পিতভাবে অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার পর বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৬টার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিষয়টি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের বাইরে গিয়েও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। তাঁর মতে, এ ধরনের ঘটনা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার সুযোগ নিয়ে সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা কিংবা ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

এদিকে, এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদও এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান বানচাল করাই ছিল বিক্ষোভকারীদের উদ্দেশ্য। কর্মসূচি পণ্ড করতে না পেরে তাঁরা অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেন। পরে অতিথি ও অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় তাঁদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফর করা জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। নাহিদ ইসলামের এবারের সফরকে কেন্দ্র করেও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।

এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। আগামী ২১ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন