- ১৭ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের মারধরের শিকার হয়ে মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে কামরুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
নিহত মনোয়ারা বেগম ঈশ্বরগঞ্জ পৌরশহরের কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি মৃত শহিদ উদ্দিনের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বাবার রেখে যাওয়া জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মনোয়ারার ছেলে কামরুল হাসানের সঙ্গে পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে কামরুল ও তাঁর স্ত্রী নিলুফা বেগমের কথা-কাটাকাটি এবং মারধরের ঘটনা ঘটত বলে অভিযোগ করেছেন নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না।
তিনি জানান, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সম্পত্তি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কামরুল ও তাঁর স্ত্রী মাকে মারধর করেন। পরে ঘরের দরজায় শিকল লাগিয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়। একপর্যায়ে মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি তাঁদের মামাকে জানানো হয়। তিনি এসে দরজা খুলে তাঁদের উদ্ধার করেন।
স্বজনেরা জানান, মারধরের পর অসুস্থ মনোয়ারা বেগমকে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু মঙ্গলবার ভোর ৫টার দিকে তাঁর অবস্থার আরও অবনতি হলে ছোট ছেলে আল আমিন, তাজুল ইসলাম ও মেয়ে শাহানারা বেগম চায়না তাঁকে আবার হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহানারা বেগম চায়নার অভিযোগ, তাঁদের বাবা জীবিত থাকতেই তাঁকে পাঁচ কাঠা এবং মাকে তিন কাঠা জমি সাব-কবলা দলিলের মাধ্যমে লিখে দিয়েছিলেন। এ নিয়ে ভাই কামরুল হাসানের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। জমির বিরোধের জেরেই তাঁর ভাই মাকে মারধর করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন নিহতের মেয়ে।
এদিকে ঘটনার পর থেকে কামরুল (৪০) ও তাঁর স্ত্রী নিলুফা বেগম (৩৫) আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।