Tuesday, November 17, 2026

ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত দুই বন্ধু


ফাইল ছবিঃ নিহত স্কুলছাত্র আরমান শেখ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা ও সূর্যনগর এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা ফারুক শেখের ছেলে। সে পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে আরমান দুই বন্ধুকে নিয়ে সূর্যনগরের দৃষ্টিনন্দন মসজিদ দেখতে যাচ্ছিল। পথে তাদের মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত তিন বন্ধুকে উদ্ধার করে ভাঙ্গায় নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে আরমানের মৃত্যু হয়। তার দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম জানান, মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু এবং দুজন আহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে দুর্ঘটনাস্থল শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় ওই থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় শিবচর হাইওয়ে থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন