- ১৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সাভার
সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে পোশাক কারখানায় হামলার ঘটনায় গুরুতর আহত শ্রমিক সেলিম ইসলাম মারা গেছেন। হামলার ১২ দিন পর সোমবার (১৬ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে, সেলিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আশুলিয়া শিল্পাঞ্চলের ২৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি রনজিত বিশ্বাসসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মো. সেলিম ইসলাম (৩১) আশুলিয়ার আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ (ফরচুন জিপার) পোশাক কারখানার সুইং বিভাগের জুনিয়র অপারেটর ছিলেন। একই ঘটনায় আহত ওই কারখানার আরও দুই শ্রমিক রাকিব ও লিমন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সোমবার দুপুরে সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ নভেম্বর দুপুর ১টার দিকে মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকদের একটি দল কারখানাটিতে হামলা চালায়। এ সময় সেলিম, রাকিব ও লিমন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে সেলিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ৫ নভেম্বর সকাল ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষে প্রিন্স সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলার এজাহারে রনজিত বিশ্বাসের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে এজাহারভুক্ত আসামি রনজিত বিশ্বাসসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুইয়া জানান, সোমবার নতুন করে আরও ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে আশুলিয়া অঞ্চলে মোট ২৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে ১৩টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, আরও ১৩টি কারখানায় সোমবারের জন্য কাজ বন্ধ রাখা হয়েছে।
তবে শিল্প পুলিশের দাবি, শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হলেও সাভারের হেমায়েতপুর ও আশুলিয়া এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিল্পাঞ্চলের শতাধিক কারখানায় স্বাভাবিক নিয়মে উৎপাদন কার্যক্রম চলছে।