- ১৭ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। হবিগঞ্জ
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক। একই নৌকায় থাকা সাতজনের মধ্যে মাসুম মিয়া নামের একজন প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তবে ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও বাকি ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের ফিরে আসার অপেক্ষায় উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ ছয় যুবক হলেন মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইকবাল হোসেন সাগর, মনিপুর গ্রামের আসিব আলীর ছেলে সজিব মিয়া, বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের পাবেল ও আতাউর রহমান, কাউড়া গ্রামের উজ্জ্বল এবং বাঘাসুরা গ্রামের নাঈম।
এ ঘটনায় বেঁচে যাওয়া মাসুম মিয়া বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনের আশায় ঝুঁকিপূর্ণ পথে গ্রিস যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিসে যাওয়ার পরিকল্পনা করেন ওই যুবকেরা। এ উদ্দেশ্যে তাঁরা লিবিয়ায় যান। গত ৩১ অক্টোবর কয়েক ডজন যাত্রীকে নিয়ে একটি প্লাস্টিকের নৌকা গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে।
মাসুমের পরিবারের সদস্যদের ভাষ্য, নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। মাঝসমুদ্রে হঠাৎ নৌকার তলা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ডুবে যায়। এ সময় যাত্রীরা সাগরে পড়ে যান।
মাসুমের বর্ণনা অনুযায়ী, নৌকাটিতে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৭ জনসহ মোট ৫৪ জন বাংলাদেশি এবং সুদানের ছয় নাগরিক ছিলেন। ৩ নভেম্বর গ্রিসের একটি দ্বীপের কাছাকাছি পৌঁছানোর পর নৌকায় ছিদ্র দেখা দেয়। তখন সমুদ্র ছিল উত্তাল। যাত্রীদের কাউকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। নৌকায় ভরসা হিসেবে ছিল কেবল একটি রশি। সেটি ধরে রাখতে না পারা কয়েকজনকে নিজের চোখের সামনেই পানিতে তলিয়ে যেতে দেখেছেন বলে জানান তিনি।
মাসুম বলেন, দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর সন্ধ্যার দিকে একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন ভোরে সমুদ্রের ঢেউ তাঁকে একটি দ্বীপের কাছাকাছি নিয়ে যায়। সেখানে উঠে জনবসতির সন্ধান না পেয়ে গাড়ির চাকার দাগ অনুসরণ করে প্রায় দেড় কিলোমিটার হাঁটেন। পরে একটি বাড়িতে পৌঁছালে স্থানীয় লোকজন তাঁকে খাবার ও একটি গেঞ্জি দেন। এরপর তাঁকে গ্রিসের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি দেশটির একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
এদিকে নিখোঁজ যুবকদের পরিবারের অভিযোগ, গ্রিসে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে হাফিজ মিয়া প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন হাফিজ মিয়া। তাঁর দাবি, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং নিখোঁজ যুবকদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বাঘাসুরা ইউনিয়নের ইউপি সদস্য নিজাম আহমেদ বলেন, যুবকেরা হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তাঁদের মধ্যে একজন পৌঁছালেও বাকি ছয়জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের পরিবারগুলো চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। নিখোঁজ যুবকদের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
নৌকাডুবির পর ১৬ দিন পার হলেও ছয় যুবকের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা জীবিত আছেন, নাকি উত্তাল ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন এ প্রশ্নের উত্তর খুঁজছেন স্বজনেরা। প্রতিটি দিন কাটছে প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায়।