- ১৮ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উত্তর ইব্রাহিমপুরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা বাড়িটির নিচতলার গ্যারেজে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি বাড়ির কেয়ারটেকারের কক্ষেও ভাঙচুর করা হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীদের পরিচয় ও ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) শিলা।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার পরিদর্শক শাহাজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে সরাসরি আগুন লাগার কোনো তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশন থেকে একটি বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। সে অনুযায়ী গাড়ি বের করার পরই আগুন নিভে যাওয়ার তথ্য জানানো হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত বা আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।