Thursday, November 19, 2026

শেরপুরে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক


ছবিঃ ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। শেরপুর

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়কের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১২ জনকে আটক করেন বিজিবির টহল দলের সদস্যরা।

আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এবং বাকি ছয়জন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাঁটা গ্রামের ইমদাদুল হক (২৮), ঘটি গ্রামের মিনারুল (১৯), মাধবপুর গ্রামের ইউসুফ (২১), দিয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫) এবং রাতাহরি গ্রামের মো. মেসবাহুল (২০)।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের মো. আক্তারুল হক (২০), একই এলাকার শামীম (২৩), রসুলপুর গ্রামের আব্দুল করিম (২১), চরমেহনপুর নিচপাড়া গ্রামের আল আমিন (২৪) এবং লতাহারি গ্রামের মো. রুবেল (৩০) রয়েছেন।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন