Thursday, November 19, 2026

চাঁদপুরে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ


ছবিঃ দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁদপুর 

চাঁদপুরের শাহরাস্তিতে পরিবেশবিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগে দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটা দুটিকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) পরিচালিত এ অভিযানে মেসার্স এ এস এস ব্রিকসের মালিক মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং মেসার্স হারুন ব্রিকসের মালিক মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়ই জরিমানার পুরো অর্থ আদায় করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পানি ছিটিয়ে ভাটাগুলোর জ্বলন্ত আগুন নিভিয়ে দেন। এ সময় ইটভাটা দুটির উৎপাদনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান নির্বিঘ্ন করতে চাঁদপুর জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণের কাজ সম্পন্ন করেন।

পরিবেশ রক্ষায় অবৈধ ও আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন