- ১৮ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে নাশকতার প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ইবনে সিনা কারখানার সামনে নাশকতার চেষ্টাকালে বিপ্লব ও মান্নান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া নিক্ষেপ করা পেট্রল বোমার ভাঙা কাচের টুকরাও জব্দ করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। বুধবার তাঁদের আদালতে পাঠানোর কথা রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেট্রল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।