Thursday, November 19, 2026

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, মিয়ানমারের দায় নির্ধারণে আইসিজের নজিরবিহীন সিদ্ধান্তের অপেক্ষা


ছবিঃ বাংলাদেশের কক্সবাজারের কাছে কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থী শিশুরা হাতে তৈরি ঘুড়ি ওড়াচ্ছে (সংগৃহীত। আল জাজিরা /দামির সাগোলজ/রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর সংঘটিত নির্যাতন ও সহিংসতার ঘটনাকে গণহত্যা হিসেবে বিবেচনা করা হবে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় নেদারল্যান্ডসের দ্য হেগে আদালত এই রায় ঘোষণা করবে। এক দশকেরও বেশি সময় পর গণহত্যা মামলার মূল বিচারিক প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে যাচ্ছে আদালতটি।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ ওঠে। ওই অভিযানের মুখে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যেই মিয়ানমারের সামরিক বাহিনী ওই অভিযান চালিয়েছিল। তবে মিয়ানমারের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল।

এই মামলার রায় শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রশ্নেই নয়, আন্তর্জাতিক আইনে গণহত্যার সংজ্ঞা ও দায় নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার মামলার বিচারিক মূল্যায়নেও এই রায়ের প্রভাব পড়তে পারে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০১৬ সালের অক্টোবর থেকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামে অভিযান শুরু করে। ২০১৭ সালের আগস্টে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলার পর অভিযান আরও বিস্তৃত হয়। এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে আসেন।

জাতিসংঘের তদন্তকারীরা জানান, অভিযানের সময় সেনারা শত শত গ্রাম পুড়িয়ে দেয়, ব্যাপক হত্যাকাণ্ড চালায় এবং নারী, কিশোরী ও শিশুদের ওপর ধর্ষণসহ যৌন সহিংসতা চালায়। তদন্তকারীদের মতে, এসব সহিংসতার ধরন ও ব্যাপকতা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।

তবে এসব ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনীর বিচারিক পদক্ষেপ ছিল সীমিত। বাহিনীটির পক্ষ থেকে মাত্র দুটি মামলায় দণ্ডাদেশের কথা জানানো হয়। এর মধ্যে ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে দণ্ডিত সাত সেনাসদস্য ১০ বছরের কারাদণ্ড পেলেও এক বছরের কম সময়ের মধ্যে মুক্তি পান।

রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার সংকটও দীর্ঘদিনের। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে মিয়ানমার তাদের স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকার বাইরে রাখে। দেশটির সরকার তাদের ‘অভিবাসী বাঙালি’ হিসেবে উল্লেখ করে আসছে। এর ফলে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকত্ব ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন।

২০২৩ সালে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যায়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মি উভয় পক্ষের বিরুদ্ধেই রোহিঙ্গাদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতনের অভিযোগ রয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক নিয়োগের অভিযোগও তুলেছে সংস্থাটি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে নতুন করে ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখে পৌঁছেছে। তাঁদের অধিকাংশই কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে বসবাস করছেন।

আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় শরণার্থীদের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কমানোর পর খাদ্যসহায়তা ও শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়ে। অনেক শরণার্থী এখন আগের তুলনায় কম খাদ্য বরাদ্দ পাচ্ছেন, বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিবিরের শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন করে আসা অনেক রোহিঙ্গার পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবাও নিশ্চিত হচ্ছে না বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।

রোহিঙ্গাদের ওপর কয়েক দশকের নিপীড়ন এবং ২০১৭ সালের সামরিক অভিযানকে ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ৫৭ সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে মামলাটি করা হয়। এর নেতৃত্ব দেন গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবাকার তামবাদু।

২০২০ সালের জানুয়ারিতে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। পরে মিয়ানমার যুক্তি দেয়, সংঘাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় এমন গাম্বিয়া এই মামলা করার অধিকার রাখে না। তবে ২০২২ সালে আদালত জানায়, গণহত্যা সনদে স্বাক্ষরকারী দুই দেশ হওয়ায় গাম্বিয়া মামলা করতে পারে। ওই সনদ অনুযায়ী, স্বাক্ষরকারী দেশগুলোর গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে মামলার মূল বিষয়বস্তু নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ সাতটি দেশ গাম্বিয়ার পক্ষে অবস্থান নেয়।

আইসিজের বিচারকদের নির্ধারণ করতে হবে, মিয়ানমার রাষ্ট্র হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ লঙ্ঘন করেছে কি না। আদালত রাষ্ট্রের দায় নির্ধারণ করে; কোনো ব্যক্তি সেনাসদস্য বা সামরিক কর্মকর্তার ফৌজদারি অপরাধের দায় নির্ধারণ করে না।

গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করাসহ নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড গণহত্যার আওতায় পড়ে। তবে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নৃশংসতা সংঘটিত হলেই তা স্বয়ংক্রিয়ভাবে গণহত্যা হিসেবে বিবেচিত হয় না। সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, আদালতকে সেটিও প্রমাণের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

গাম্বিয়ার বক্তব্য, মিয়ানমারের কর্মকাণ্ড থেকে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা পাওয়া যায় না। বিপরীতে মিয়ানমার বলেছে, তাদের অভিযান ছিল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত অভিযান নয়।

আদালত মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী ঘোষণা করলে তা রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। তবে এতে বাস্তুচ্যুত মানুষের তাৎক্ষণিক জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও ট্রিনিটি কলেজ ডাবলিনের অধ্যাপক মাইকেল বেকার বলেন, গণহত্যার সিদ্ধান্ত রোহিঙ্গাদের দুর্ভোগের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে। তবে অল্প সময়ের মধ্যে বাস্তুচ্যুত মানুষের পরিস্থিতি বদলে যাওয়ার নিশ্চয়তা নেই।

গাম্বিয়া আদালতের কাছে রোহিঙ্গাদের নিরাপদে নিজ ভূমিতে ফেরার ব্যবস্থা, ক্ষতিপূরণ এবং ধ্বংস হওয়া বাড়িঘর ও সম্পত্তি পুনর্নির্মাণের নির্দেশ চেয়েছে। তবে আদালত এসব বিষয়ে আংশিক বা সাধারণ নির্দেশনা দিতে পারে, যার বাস্তবায়নের ধরন নির্ধারণের দায়িত্ব মিয়ানমারের ওপরই থাকতে পারে বলে মনে করেন বেকার।

যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন অধ্যাপক উইলিয়াম শাবাসের মতে, গাম্বিয়ার চাওয়া প্রতিকারমূলক ব্যবস্থাগুলো রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও জীবিকার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে সেগুলো কার্যকর হবে কি না, তা অনেকটাই নির্ভর করবে মিয়ানমারের বাস্তবায়ন-ইচ্ছার ওপর।

আইসিজেতে বর্তমানে বিচারাধীন পাঁচটি গণহত্যা মামলার মধ্যে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটিই প্রথম, যার মূল বিচারিক প্রশ্নে চূড়ান্ত রায় আসতে যাচ্ছে। ফলে আদালতের এই সিদ্ধান্ত ভবিষ্যতে একই ধরনের মামলার বিচারপ্রক্রিয়ায় দিকনির্দেশনা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে ‘একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা’ পরীক্ষার প্রয়োগ কীভাবে হবে, রায়ে তা আরও স্পষ্ট হতে পারে। অর্থাৎ কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা ও নিপীড়নের ধরন থেকে গণহত্যার উদ্দেশ্য অনুমান করা যাবে কি না, তা নির্ধারণে আদালতের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলার ক্ষেত্রেও এই রায় প্রাসঙ্গিক হতে পারে। তবে দুই মামলার তথ্য-প্রমাণ ও আইনি পরিস্থিতি এক নয়; তাই এক মামলার রায় অন্যটির ফলাফল স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করবে না।

রোহিঙ্গাদের জন্য এই রায় দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্ব, অধিকার ও জীবনযাত্রার নিশ্চয়তা এসব প্রশ্নের বাস্তব সমাধান নির্ভর করবে আদালতের সিদ্ধান্তের পাশাপাশি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক চাপের ওপর।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন