Thursday, November 19, 2026

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ বহাল, সোমবার আপিলের পূর্ণাঙ্গ আদেশ


ছবিঃ হাইকোর্ট (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল রয়েছে। সরকারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালত তা স্থগিত করেননি। এ বিষয়ে আগামী সোমবার পূর্ণাঙ্গ আদেশ দেওয়া হতে পারে।

এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে। বিষয়টি শুনানির জন্য বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্পেশাল চেম্বার জজের কাছ থেকে বিশেষ অনুমতিও নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আপিলের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী কাজী জয়নাল আবেদীন। তাঁর যুক্তি, যে বিধানের ভিত্তিতে রিট আবেদনটি করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবারের রেজুলেশনে সেই নিয়ম পরিবর্তন করেছে। ফলে রিটের মূল ভিত্তি আর আগের অবস্থায় নেই বলে দাবি করেন তিনি।

এ ছাড়া জনস্বার্থে করা রিট আবেদনটির গ্রহণযোগ্যতা এবং আবেদনকারীর আইনি অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আইনজীবী। তাঁর বক্তব্য, যেসব শিক্ষার্থীর স্বার্থের কথা তুলে ধরে আবেদন করা হয়েছে, তাঁদের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের কেউই রিটের পক্ষ নন। তাঁর মতে, জনস্বার্থে মামলা করার সুযোগের অপব্যবহার হচ্ছে।

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। কাজী জয়নাল আবেদীনের দাবি, পুনঃপরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জনের সম্ভাবনা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ক্ষেত্রে সীমিত। অল্পসংখ্যক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ভর্তি নীতিমালা এবং অন্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ ব্যাহত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর মতে, বিষয়টি প্রশাসনিকভাবেও সমাধান করা সম্ভব ছিল। কোনো অধিকারই নিরঙ্কুশ নয় উল্লেখ করে তিনি বলেন, যিনি শেষ পর্যন্ত ওই সুবিধা নিতে পারবেন কি না, তা অনিশ্চিত এমন কাউকে অতিরিক্ত সুযোগ দিতে গিয়ে বৃহত্তর শিক্ষার্থীসমাজের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। মাত্র সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।

শিক্ষা বোর্ডগুলোর সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কার্যক্রম চলার কথা। এরপর ২০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানো এবং ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাইয়ের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা ছিল।

হাইকোর্টের আদেশে বলা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। ফলে আপিল বিভাগ থেকে নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত রাখার আদেশ কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার ছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন