Thursday, November 19, 2026

ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক, তিন নেতার লক্ষ্য নিয়ে বাড়ছে কূটনৈতিক জল্পনা


ছবিঃ চীনের শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে একটি যৌথ ছবিতে পোজ দিচ্ছেন (সংগৃহীত। আল জাজিরা /সার্গেই ববিলিয়েভ/পুল ফটো, এপি-এর সৌজন্যে)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

বিশ্বের তিন প্রভাবশালী সামরিক শক্তির রাষ্ট্রনেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বৈঠকে বসেছেন। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এ ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এ ধরনের প্রথম বৈঠক হওয়ায় আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে এটি।

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এই আলোচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতাদের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে বর্তমান বৈঠকের তুলনা করছেন কেউ কেউ। তবে বিশ্লেষকদের মতে, দুই সম্মেলনের পরিস্থিতি এক নয়। ইয়াল্টায় অংশ নেওয়া শক্তিগুলো তখন যুদ্ধে মিত্র ছিল, কিন্তু বর্তমান তিন নেতার স্বার্থ ও লক্ষ্য পরস্পরের থেকে অনেকটাই আলাদা। তাই এই বৈঠক থেকে বড় কোনো সমঝোতা আসার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস বৈঠকটিকে ট্রাম্পের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, পুতিনের কৌশল এবং চীনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সম্মিলন হিসেবে বর্ণনা করেছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে চান ট্রাম্প। ইউক্রেন যুদ্ধও তাঁর আলোচ্যসূচিতে রয়েছে। তবে ইউক্রেন ইস্যুকে ইউরোপের বিষয় হিসেবে বিবেচনা করায় এ আলোচনায় জড়াতে শি জিনপিংয়ের আগ্রহ সীমিত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের মিত্র দেশগুলোর সম্পর্কেও সাম্প্রতিক সময়ে টানাপোড়েন তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং জাপানকে দেওয়া সহায়তা কমানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্য এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। একই সময়ে চীনকে ওয়াশিংটনের প্রধান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

তবে কিংস কলেজ লন্ডনের যুদ্ধ অধ্যয়ন বিভাগের শিক্ষক ভুক ভুকসানোভিচ মনে করেন, এই বৈঠককে নতুন কোনো ইয়াল্টা সম্মেলন বা বিশ্বকে প্রভাববলয়ে ভাগ করার উদ্যোগ হিসেবে দেখা ঠিক হবে না। তাঁর মতে, বর্তমান আলোচনায় বিশ্বব্যবস্থার নতুন সীমানা নির্ধারণের মতো কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ সাময়িকভাবে প্রশমিত হলেও দুই দেশের সম্পর্কে অস্বস্তি রয়ে গেছে। গত বছরের শেষ দিকে দুই দেশ শুল্কসংক্রান্ত বিরোধে সাময়িক সমঝোতায় পৌঁছায়। এর আগে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত উঠেছিল। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল বেইজিং।

২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে হওয়া সমঝোতার পর শুল্ক কমানো হয়। পাশাপাশি প্রযুক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা ধাতুর রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনাও সাময়িকভাবে স্থগিত করে চীন। এর পরপরই চীনে এনভিডিয়ার কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট চিপ বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল করে যুক্তরাষ্ট্র।

বৃহত্তর বাণিজ্য আলোচনার সুযোগ তৈরি করতে দুই দেশের এই সমঝোতার মেয়াদ ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে চীনের বিরল মৃত্তিকা রপ্তানি এখনো স্বাভাবিক মাত্রার তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম বলে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ।

এ ছাড়া এনভিডিয়ার চিপ চীনে পাচারের অভিযোগে সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র প্রতিষ্ঠান মেগাস্পিডকে ঘিরে বিতর্ক দুই দেশের সম্পর্কে নতুন চাপ তৈরি করেছে। চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগও রয়েছে, যদিও বেইজিং এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় ধরনের সম্পর্কোন্নয়নের প্রত্যাশা আপাতত কম। বৈঠকটি কোনো বড় বিরোধ ছাড়াই শেষ হওয়াকেও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে এই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার বিচ্ছিন্নতা কমানো। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি ইউক্রেনের ভূখণ্ড নিয়ে মস্কোর দাবির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করতে পারে ক্রেমলিন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের সরাসরি আলোচনা হয়েছে। ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত ওই আলোচনা ছিল ফেব্রুয়ারির পর দুই পক্ষের প্রথম সরাসরি বৈঠক। এর আগে ট্রাম্প রাশিয়ার সঙ্গে ইউক্রেনসহ ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বড় ধরনের সমঝোতার সম্ভাবনার কথা বলেছিলেন।

তবে রাশিয়ার সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ন্যাটো-সংক্রান্ত বিষয়ে ছাড় দিতে পারে কি না, তা নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে। ইউক্রেনের দখল করা ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রেখে কোনো চুক্তি হলে তা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে চীনের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও ঘনিষ্ঠ হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরুর পর চীন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়। চলতি বছরের মে মাসে বেইজিংয়ে শি ও পুতিনের বৈঠকে ৪০টির বেশি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ক্রেমলিনের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে চীনে রাশিয়ার তেল রপ্তানি ৩৫ শতাংশ বেড়েছে।

আয়োজক দেশ হিসেবে শি জিনপিংয়ের লক্ষ্য চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক স্বার্থ এগিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক পরিসরে প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শুল্কযুদ্ধ এড়ানো, বিরল মৃত্তিকা ও প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান ধরে রাখা এবং তাইওয়ান ইস্যুতে মার্কিন চাপ কমানো বেইজিংয়ের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

চীনের আঞ্চলিক সামরিক উপস্থিতি নিয়েও যুক্তরাষ্ট্রের বিরোধিতা কমাতে চায় বেইজিং। ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত কোয়াড জোটের কার্যক্রমও চীনের কৌশলগত বিবেচনায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, শি জিনপিং তাৎক্ষণিক কোনো বড় কূটনৈতিক সাফল্যের চেয়ে দীর্ঘমেয়াদি স্বার্থকে বেশি গুরুত্ব দিতে পারেন। ইউক্রেন ও ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মনোযোগ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে কিছুটা সরে যাওয়াও চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করেছে বলে মনে করেন কেউ কেউ। তবে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা চীনের অর্থনীতির জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে।

ইরান ও ইউক্রেন যুদ্ধের মতো জটিল সংকটের দ্রুত সমাধান এই বৈঠক থেকে আসবে এমন প্রত্যাশা করছেন না বিশ্লেষকেরা। ইরানকে আলোচনায় ছাড় দেওয়ার জন্য চীন ব্যক্তিগতভাবে চাপ দিতে পারে বলে যুক্তরাষ্ট্র আশা করলেও বেইজিং বড় ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ইউক্রেন ইস্যুতেও রাশিয়ার অবস্থান কঠোর। মস্কো দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা বন্ধের দাবি থেকে সরে আসবে কি না, তা স্পষ্ট নয়। বিশ্লেষকদের একাংশ মনে করেন, যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে কূটনৈতিক আলোচনার চেয়ে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিই বেশি প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, ট্রাম্প, শি ও পুতিনের এই বৈঠককে তাৎক্ষণিক কোনো বড় চুক্তির চেয়ে তিন শক্তির পারস্পরিক অবস্থান ও দর-কষাকষির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা। বিশ্বের অন্যান্য দেশও চাইছে, এই আলোচনার মাধ্যমে বাণিজ্যিক অস্থিরতা কমুক, যুদ্ধ পরিস্থিতিতে অগ্রগতি আসুক এবং আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরুক।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন