Thursday, November 19, 2026

মার্কিন অবরোধে চাপে ইরানের অর্থনীতি, মূল্যস্ফীতি ১০০ শতাংশে পৌঁছানোর শঙ্কা


ছবিঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে, ২০২৬ সালের ১৭ নভেম্বর ইরানের তেহরানের একটি বাজারে ইরানিরা কেনাকাটা করছেন (সংগৃহীত। আল জাজিরা /ইপিএ)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবে আরও সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশটির অর্থনীতিতে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, কমছে মানুষের ক্রয়ক্ষমতা, আর ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে স্থবিরতা। তবে এসব চাপের মুখে ইরান সরকার ভেঙে পড়বে, নাকি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে বাধ্য হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা।

তেহরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ, স্থলপথে বাণিজ্য বাধাগ্রস্ত করা এবং বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর করছে। ওয়াশিংটনের ভাষ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ নীতির অংশ হিসেবে নেওয়া এসব পদক্ষেপ কার্যকর হচ্ছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। পরবর্তী সময়ে সংঘাত অচলাবস্থায় পৌঁছালে ওয়াশিংটন তেহরানের কাছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি সীমিত করার দাবি জানায়। তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলার সক্ষমতার কথা জানিয়ে নিজেদের শর্তেও অনড় রয়েছে।

তেহরানভিত্তিক অর্থনীতিবিদ পেইমান মোলাভি আল জাজিরাকে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক মাসে ইরানের মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এর প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, শেয়ারবাজার ও আবাসন খাতে। তবে জ্বালানি, কৃষিপণ্য, ধাতু ও শিল্পপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা রয়েছে।

দীর্ঘদিন ধরে বাজেট ঘাটতি পূরণে অতিরিক্ত মুদ্রা ছাপানোর ওপর নির্ভর করেছে ইরানের সরকারগুলো। এতে বাজারে অর্থের সরবরাহ বেড়েছে এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধের কারণে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বৈদেশিক মুদ্রার সংকটও আরও তীব্র হয়েছে।

মোলাভির হিসাব অনুযায়ী, বর্তমানে ইরানে অর্থ সরবরাহের বার্ষিক প্রবৃদ্ধি প্রায় ৫১ শতাংশ। চলতি পারস্য বছর মার্চের শেষ দিকে শেষ হওয়ার আগেই তা বেড়ে ৫৫ থেকে ৬০ শতাংশে পৌঁছাতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচক থাকলে বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৮৫ শতাংশ এবং বছরওয়ারি নির্দিষ্ট সময়ের মূল্যস্ফীতি ১০০ শতাংশে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের অর্থনৈতিক অবরোধসংক্রান্ত বক্তব্যের জবাবে বলেন, শীত আসার আগে শীত নিয়ে কথা বলার সময় এখনো হয়নি। ইরানি একটি প্রবাদ উল্লেখ করে তিনি বোঝাতে চান, পরিস্থিতির চূড়ান্ত ফলাফল সম্পর্কে আগেভাগে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

বেসেন্ট দাবি করেছেন, ২০২৭ সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে মার্কিন অবরোধের কারণে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে। অন্যদিকে ইরানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি পারস্য বছরের ২১ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত প্রথম প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ কমেছে।

হেম্মাতি জানিয়েছেন, অর্থনৈতিক চাপ মোকাবিলায় আগামী কয়েক মাসের জন্য ৩০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার সংস্থান করেছে কেন্দ্রীয় ব্যাংক। নাগরিকদের প্রয়োজনীয় পণ্য আমদানিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেছেন, হুমকি ও অর্থনৈতিক চাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে চায়। তবে ইরানকে প্রতিবেশী দেশগুলো থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা সত্ত্বেও ইরাকের সঙ্গে নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকা একটি পথ ছাড়া অন্য সব স্থলবাণিজ্য রুট চালু রয়েছে বলে দাবি করেছেন তিনি।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর শেষ হওয়া পারস্য বর্ষপঞ্জির সপ্তম মাস মেহরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৭৬ দশমিক ৮ শতাংশ। একই মাসে আগের বছরের তুলনায় মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৮৮ দশমিক ৭ শতাংশে।

খাদ্য, পানীয় ও তামাকপণ্যের দাম এক বছর আগের তুলনায় অক্টোবরে ১১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার ব্যয় দ্রুত বাড়ছে। প্রায় ৯ কোটি মানুষের দেশ ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রয়ক্ষমতা কমে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরছেন অনেকে।

একজন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, গত বছর যে পণ্য কিনতে যত টাকা লাগত, এখন একই পণ্য কিনতে তার কয়েক গুণ বেশি অর্থ প্রয়োজন হচ্ছে। তাঁর ভাষ্য, মূল্যবৃদ্ধির চাপে লাখ লাখ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন।

তেহরানের গ্র্যান্ড বাজারে বৈদ্যুতিক মোটর বিক্রি করেন ৩৭ বছর বয়সী ব্যবসায়ী সালেহ। নিরাপত্তাজনিত কারণে নিজের পুরো নাম প্রকাশ না করার শর্তে তিনি আল জাজিরাকে বলেন, বাজারে দেশীয় ও চীনা পণ্যের সরবরাহ এখনো রয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব বাড়ার পর চাহিদা ও বিক্রি দুটিই কমেছে।

তিনি জানান, পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজারে একধরনের স্থবিরতা তৈরি হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়েও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। আগে যেখানে ১০টি পণ্য বিক্রি হতো, এখন সেখানে তিন-চারটির বেশি বিক্রি হচ্ছে না। দাম বাড়ায় কিছুটা মুনাফা থাকলেও ব্যবসার পরিমাণ কমে গেছে।

তবে আগে থেকেই প্রতিষ্ঠিত ক্রেতা ও সরবরাহব্যবস্থা রয়েছে এমন প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে পরিস্থিতি সামাল দিতে পারছে বলে জানান তিনি। তাঁর মতে, বাজারে চাপ থাকলেও এখনই পুরো অর্থনীতি ধসে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ইতিহাসের দ্রুততম অর্থনৈতিক পতনগুলোর একটি বলে উল্লেখ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অভিযানকে কোনো একটি দেশের বিরুদ্ধে নেওয়া ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ কর্মসূচি হিসেবেও বর্ণনা করেছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গেও ইরানের বর্তমান অবস্থার তুলনা করেছেন তিনি।

তবে অর্থনীতিবিদ মোলাভির মতে, ইরান ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক কাঠামো এক নয়। ফলে সোভিয়েত ইউনিয়নের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে ইরানের অর্থনৈতিক পতন সম্পর্কে তাৎক্ষণিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

তিনি জানান, ২০১২ সালে ইরানের নামমাত্র জিডিপি ছিল ৬৪৫ বিলিয়ন ডলার। বর্তমানে তা কমে প্রায় ৩০০ বিলিয়ন ডলারে নেমেছে। নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে এই পরিমাণ আরও কমতে পারে। বিনিয়োগের ঘাটতি, তেল বিক্রি বন্ধ থাকা এবং রপ্তানি কার্যক্রমে বিঘ্নের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও নেতিবাচক হওয়ার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ালেও তা দেশটির সরকারকে শেষ পর্যন্ত কতটা নীতিগত ছাড় দিতে বাধ্য করবে, তা এখনো অনিশ্চিত। তবে এই চাপের সবচেয়ে বড় বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে যাদের আয় ও ক্রয়ক্ষমতার তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন