Thursday, November 19, 2026

টুঙ্গিপাড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, রাজনৈতিকভাবে মোকাবিলার আহ্বান রাশেদ খাঁনের


ছবিঃ টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর আশঙ্কা, পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি কঠোর পদক্ষেপের পরিবর্তে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি উল্লেখ করেন, টুঙ্গিপাড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি সহায়তা, পুলিশি কার্যক্রম ও শিক্ষাসেবা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা দোকানপাট ও শপিংমল খুলতেও অনীহা দেখাতে পারেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, টুঙ্গিপাড়ায় এভাবে সংকট তৈরি হলে স্থানীয় মানুষের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ বাড়তে পারে। একপর্যায়ে নিজেদের দুর্ভোগের জন্য তাঁরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করবেন বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে তিনি তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন।

সরকারের অবস্থান তুলে ধরে রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দলটি দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে। সে কারণেই টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাইরের কোনো শক্তির ওপর নির্ভর না করে টুঙ্গিপাড়ার সংকটের সমাধান সেখানকার মানুষের মধ্য থেকেই খুঁজে বের করতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন