Thursday, November 19, 2026

রক্তপাত ও সহিংসতা ঘটিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী


ছবিঃ মামুনুল হক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

দেশে আবারও সহিংসতা ও রক্তপাতের পরিবেশ তৈরি করে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে কথিত ‘পঞ্চম বাহিনী’র তৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী শক্তির পতনের পর দেশের মানুষ শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরে পাওয়ার প্রত্যাশা করছে। অতীতের মতো হত্যা, হামলা ও সহিংসতার রাজনীতিতে ফিরে যাওয়ার ইচ্ছা তাদের নেই। অথচ একটি গোষ্ঠী আবারও মানুষ হত্যা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে রাজনৈতিকভাবে ফিরে আসতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, সে সময় গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনা রাষ্ট্র পরিচালনার একটি বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে তৈরি হওয়া সেই পরিস্থিতি দেশের মানুষ আর দেখতে চায় না। তাঁর দাবি, রক্তাক্ত পরিস্থিতি তৈরি করেই আবার ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে ওই শক্তি।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত পরশু ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। নড়াইলেও দুজন নিহত হয়েছেন। এসব ঘটনার পেছনে কারা মদদ দিচ্ছে, তা তাঁদের জানা রয়েছে বলে মন্তব্য করেন রিজভী। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

দেশের বিভিন্ন স্থানে ‘পঞ্চম বাহিনী’ গড়ে উঠেছে দাবি করে রিজভী বলেন, এই গোষ্ঠী তাদের কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে সড়ক-মহাসড়কসহ সর্বত্র জনগণকে সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক অধিকার নিয়েও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশের মানুষের প্রত্যাশা তৈরি হয়েছিল একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। যেখানে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং শিক্ষার ক্ষেত্রেও স্বাধীন পরিবেশ নিশ্চিত হবে। কিন্তু বিভিন্ন সময়ে সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়েছে।

পাঠ্যপুস্তকে ইতিহাস তুলে ধরার বিষয়েও আপত্তি জানান রিজভী। তাঁর অভিযোগ, বিগত সরকারের সময়ে একটি দল ও তার নেতার অবদানকে বেশি গুরুত্ব দিতে গিয়ে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অন্য অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

এ প্রসঙ্গে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করেন। তাঁর মতে, পাঠ্যপুস্তকে কোনো রাজনৈতিক পক্ষের প্রচার নয়, বরং প্রকৃত ও নিরপেক্ষ ইতিহাস স্থান পাওয়া উচিত।

রিজভী বলেন, ইতিহাসের সত্যনিষ্ঠ উপস্থাপন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই ছাত্র, শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ অতীতে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে একত্রিত হয়েছিল। ভবিষ্যতেও একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন