- ১৭ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিচ্ছেদ ও নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে কয়েক মাস ধরেই আলোচনায় অভিনেত্রী সাবিলা নূর। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এত দিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। অবশেষে নতুন সম্পর্কের খবর নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। তবে তাঁর বক্তব্যে ছিল ভিন্ন এক চমক। জানিয়েছেন, নতুন সম্পর্কটি কোনো মানুষের সঙ্গে নয়, ‘লিলি’র সঙ্গে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাবিলা। বিচ্ছেদ নিয়ে সরাসরি কোনো উত্তর না দিলেও নতুন সম্পর্কের প্রসঙ্গ এলে মজার ছলে নিজের ভালোবাসার কথা জানান তিনি।
সাবিলা বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবরটা আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সব সময় আমার সঙ্গে থাকে।’
গত বছর থেকে বড় পর্দায় নিয়মিত হওয়ার পথে রয়েছেন সাবিলা নূর। তাঁর প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ সহশিল্পী হিসেবে ছিলেন শাকিব খান। এরপর নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ যুক্ত হয়েছেন তিনি। গল্প পছন্দ হওয়ায় সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, শুধু নিয়মিত কাজ করার জন্য নয়, ভালো গল্পই সিনেমা নির্বাচনের ক্ষেত্রে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
‘কানাভুলা প্যারাডক্স’-এ আবারও অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিলা। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। নতুন সিনেমার প্রস্তুতি নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত সিনেমা দেখছেন সাবিলা। বিশেষ করে ভৌতিক ও হরর ঘরানার সিনেমার প্রতি তাঁর আগ্রহ রয়েছে। সম্প্রতি তিনি দেখেছেন ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’।
ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী সাবিলার বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই। বর্তমানে নতুন করে পড়ছেন জন স্টেইনবেকের উপন্যাস ‘ইস্ট অব ইডেন’। উপন্যাসটি অবলম্বনে সামনে সিনেমা নির্মিত হচ্ছে। বইয়ের কাহিনি ও পর্দায় তার উপস্থাপনার পার্থক্য বুঝতেই উপন্যাসটি আবার পড়ছেন বলে জানিয়েছেন তিনি।
টেলিভিশন নাটকের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেলেও দুই বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করছেন না সাবিলা। আপাতত নাটকে অনিয়মিত থাকলেও মাধ্যমটি থেকে পুরোপুরি সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর।