Monday, November 16, 2026

ওটিটিতে জেলার ২, রজনীকান্তের দাপট অটুট


ছবিঃ ‘জেলার ২’ ছবিতে রজনীকান্ত (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

৭৫ বছর বয়সেও পর্দায় রজনীকান্তের উপস্থিতি যে দর্শকের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করতে পারে, তা আবারও প্রমাণ করেছে ‘জেলার ২’। তাঁর অভিনয়ের স্বতন্ত্র ভঙ্গি, চোখের ভাষা, সংলাপ বলার ধরন আর পর্দায় উপস্থিতির শক্তি সিনেমাটিকে এগিয়ে নিয়েছে। ২০২৩ সালের আলোচিত ছবি ‘জেলার’-এর সিক্যুয়েল নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল অনেক। পরিচালক নেলসন দিলীপকুমার সেই প্রত্যাশার বড় একটি অংশ পূরণ করলেও গল্পের দ্বিতীয়ার্ধে এসে কিছুটা হোঁচট খেয়েছেন। প্রেক্ষাগৃহে বড় ব্যবসার পর এবার সিনেমাটি জায়গা করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।

নতুন কিস্তিতে আবারও ফিরে এসেছেন সাবেক কারারক্ষী মুথুভেল পান্ডিয়ান। আগের সিনেমায় অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করা এই চরিত্র এবার সহিংস অতীত থেকে দূরে গিয়ে সাধারণ জীবনযাপনের চেষ্টা করেন। একটি ছোট শহরে সুপারমার্কেটের তত্ত্বাবধায়কের দায়িত্ব নিয়ে শান্তিতে দিন কাটাতে চান তিনি। কিন্তু পুরোনো পরিচয় আর অতীতের শত্রুতার কারণে সেই চাওয়া পূরণ হয় না।

স্থানীয় এক কর্মকর্তার সঙ্গে বিরোধে জড়িয়ে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে মুথুভেলের আসল পরিচয়। পরিস্থিতির একপর্যায়ে স্থানীয় ডন মূর্তির গাড়িচালক হিসেবেও কাজ শুরু করেন তিনি। অন্যদিকে, মূর্তি পাচারকারী অপরাধী চক্রের সদস্যরা তাদের নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া। সব মিলিয়ে আবারও সংঘাতের মুখোমুখি হতে হয় মুথুভেলকে।

অপরাধী চক্র, প্রতিশোধ, ক্ষমতার দ্বন্দ্ব আর এক নায়কের একের পর এক বাধা অতিক্রম—অ্যাকশন সিনেমার এই পরিচিত উপাদানগুলোই ‘জেলার ২’-এর গল্পের ভিত্তি। তবে পরিচালক নেলসন শুধু মারামারি আর সংঘাতের ওপর নির্ভর করেননি। অদ্ভুত সব চরিত্র, অপ্রত্যাশিত ঘটনা এবং ডার্ক কমেডির মাধ্যমে পরিচিত গল্পেও নতুন স্বাদ আনার চেষ্টা করেছেন।

বিশেষ করে প্রথমার্ধ বেশ উপভোগ্য। মুথুভেলকে প্রথমে সাধারণ ও নিরীহ মানুষ হিসেবে উপস্থাপন করা হলেও পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে তাঁর ভেতরের ভয়ংকর রূপ সামনে আসে। গাড়ির ভেতরে পুরোনো পরিচয়ের প্রকাশ এবং আশপাশের মানুষের প্রতিক্রিয়া নিয়ে নির্মিত দৃশ্যগুলোতে হাস্যরস ও অ্যাকশনের ভালো সমন্বয় দেখা যায়।

নেলসনের সিনেমায় পার্শ্বচরিত্রের গুরুত্ব বরাবরই বেশি। এই ছবিতেও তার ব্যতিক্রম নেই। কয়েকটি সংলাপ বলা ছোট চরিত্রও গল্পে বাড়তি মাত্রা যোগ করেছে। যোগী বাবুর অভিনয় দর্শককে আনন্দ দেবে। সুরজ ভেঞ্জারামুডুর দিলীপ এবং নামো নারায়ণনের মূর্তি চরিত্রও নজর কাড়ে।

মজার বিষয় হলো, অনেক দৃশ্যে রজনীকান্ত নিজে হাস্যরসের কেন্দ্র না হয়ে অন্য অভিনেতাদের জন্য জায়গা তৈরি করেছেন। কখনো তাঁকে ঘিরে অন্যদের কৌতুক, আবার কখনো তাঁর নির্বিকার অভিব্যক্তিই হাসির কারণ হয়ে উঠেছে। এই কৌশল সিনেমার বিনোদনমূল্য বাড়িয়েছে।

বিরতির পর সিনেমার আবহে পরিবর্তন আসে। সংঘাতের পরিধি বাড়তে থাকে, যুক্ত হয় নতুন চরিত্র এবং গল্পের পটভূমি তামিলনাড়ু ও কেরালা ছাড়িয়ে গোয়া পর্যন্ত বিস্তৃত হয়। প্রতিপক্ষের ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে মুথুভেলের লড়াইও আরও জটিল হয়ে ওঠে।

এস জে সূর্য তাঁর পরিচিত অদ্ভুতুড়ে অভিনয়ের মাধ্যমে বোদি কালপাক চরিত্রে আলাদা আকর্ষণ তৈরি করেছেন। নেতিবাচক চরিত্রে সুরজ ভেঞ্জারামুডুও ভালো করেছেন। তবে দ্বিতীয়ার্ধে গল্পের গতি ধরে রাখতে পরিচালককে বেশ বেগ পেতে হয়েছে।

এবারের সিনেমার অন্যতম আকর্ষণ বড় তারকাদের উপস্থিতি। বিদ্যা বালানকে নেতিবাচক চরিত্রে দেখা গেছে। তাঁর অভিনয় ভালো হলেও চরিত্রটিকে আরও বিস্তৃত করার সুযোগ ছিল। এ ছাড়া রয়েছেন মিঠুন চক্রবর্তী, মোহনলাল, শিবরাজকুমার, বিজয় সেতুপতি ও হৃতিক রোশন।

তারকাবহুল এই আয়োজন সিনেমার পরিসর বাড়িয়েছে ঠিকই, কিন্তু সব অতিথি চরিত্র গল্পের সঙ্গে সমানভাবে মানিয়ে যায়নি। কিছু ক্ষেত্রে মনে হয়েছে, গল্পের প্রয়োজনের চেয়ে তারকাদের উপস্থিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আগের ‘জেলার’-এ অতিথি শিল্পীদের উপস্থিতি গল্পের সঙ্গে যেভাবে মিশেছিল, এবার সেই স্বাভাবিকতা কিছুটা অনুপস্থিত।

সিনেমার বড় দুর্বলতা দ্বিতীয়ার্ধের চিত্রনাট্য। প্রথম ভাগে হাস্যরস ও অ্যাকশনের যে ভারসাম্য দর্শককে আকৃষ্ট করে, পরের অংশে তা ধরে রাখা যায়নি। পরিবারের প্রতি ভালোবাসা, প্রিয়জনকে রক্ষা এবং ব্যক্তিগত ক্ষতির মতো আবেগঘন বিষয় সামনে আনার চেষ্টা করেছেন পরিচালক। কিন্তু গল্পের আগের গতির সঙ্গে এই আবেগের পরিবর্তন পুরোপুরি মানানসই হয়নি।

বিশেষ করে ছেলের মৃত্যুর শোক এবং সেই বাস্তবতা মেনে নেওয়ার বিষয়টি আরও গভীরভাবে তুলে ধরার সুযোগ ছিল। অথচ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটি দ্রুত শেষ করা হয়েছে। পরে পরিবারের সদস্যদের অপহরণ করে প্রতিপক্ষকে চাপে ফেলার মতো পরিচিত অ্যাকশন-সিনেমার কৌশলে গল্প এগিয়েছে। ফলে আবেগের জায়গাগুলো দর্শকের মনে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি।

একই ধরনের সংঘাত ও অ্যাকশন দৃশ্যের পুনরাবৃত্তিও দ্বিতীয়ার্ধকে কিছুটা দীর্ঘ ও একঘেয়ে করে তুলেছে। নেলসনের ডার্ক কমেডি ও বিচিত্র চরিত্র নির্মাণের দক্ষতা প্রশংসনীয় হলেও হাস্যরস থেকে গুরুগম্ভীর আবেগে যাওয়ার ক্ষেত্রে তিনি এবার পুরোপুরি সফল হননি।

চিত্রনাট্যের সীমাবদ্ধতা থাকলেও সিনেমার কারিগরি দিক বেশ শক্তিশালী। অনিরুদ্ধ রবিচন্দরের আবহসংগীত রজনীকান্তের পর্দায় উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অ্যাকশন, সংলাপ কিংবা গুরুত্বপূর্ণ দৃশ্য প্রতিটি ক্ষেত্রেই সংগীত দর্শকের উত্তেজনা বাড়াতে ভূমিকা রেখেছে।

‘হুকুম’সহ পরিচিত গানের ব্যবহার সিনেমায় বাড়তি উন্মাদনা তৈরি করেছে। ‘আলা বোলেলো’ গানটি বেশ প্রাণবন্ত হলেও ‘বিন্দাস’ ততটা মনে রাখার মতো নয়। নোরা ফাতেহির আইটেম গানটিও গল্পের সঙ্গে খুব একটা মানানসই হয়নি।

চিত্রগ্রাহক বিজয় কার্তিক কান্নানের কাজও উল্লেখ করার মতো। বড় পরিসরের দৃশ্যায়ন, অ্যাকশনের গতিময়তা এবং সিনেমার চাকচিক্য দর্শককে আকৃষ্ট করে। গল্পের কিছু অংশ দুর্বল হয়ে পড়লেও সংগীত ও দৃশ্যের সৌন্দর্য সেই ঘাটতি অনেকটা সামাল দিয়েছে।

নাম: জেলার ২ ধরন: অ্যাকশন-থ্রিলার পরিচালক: নেলসন দিলীপকুমার অভিনয়: রজনীকান্ত, এস জে সূর্য, রম্যা কৃষ্ণন, যোগী বাবু, মোহনলাল, বিদ্যা বালান, হৃতিক রোশনসহ অনেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৫ মিনিট

সব মিলিয়ে ‘জেলার ২’ এমন একটি সিনেমা, যার প্রথমার্ধ দর্শককে বেশ ভালোভাবেই বিনোদিত করবে। দ্বিতীয়ার্ধের কিছু দুর্বলতা এবং গল্পের ছন্দপতন সত্ত্বেও রজনীকান্তের অভিনয়, অনিরুদ্ধের সংগীত ও নেলসনের নির্মাণশৈলী ছবিটিকে উপভোগ্য করে রেখেছে। বিশেষ করে রজনী-ভক্তদের জন্য তাঁর পর্দায় উপস্থিতিই বড় আকর্ষণ। ৭৫ বছর বয়সেও তাঁর ক্যারিশমা যে ফুরিয়ে যায়নি, ‘জেলার ২’ তারই আরেকটি প্রমাণ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন