- ১২ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান। গত ১১ নভেম্বর গ্রিসে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও অনুসারীরা।
বিয়ের পর নিজেদের প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অনিরুদ্ধ। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আমার জীবনে একবারই আসা, আর সারা জীবনের জন্য। ১১.১১।’ ছবিতে বর-কনেকে ঐতিহ্যবাহী সাজে দেখা যায়। অনিরুদ্ধর পরনে ছিল হাতির দাঁতের রঙের নকশা করা পোশাক। কাব্য পরেছিলেন হালকা গোলাপি রঙের কারুকাজ করা লেহেঙ্গা। ফুলের পাপড়ি আর সাদা-হলুদ ফুলের সাজে তৈরি মঞ্চে হাত ধরে দাঁড়িয়ে ছিলেন তাঁরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১০ ও ১১ নভেম্বর—দুই দিন ধরে বিয়ের আয়োজন চলে। অনুষ্ঠানে দক্ষিণ ভারতের চলচ্চিত্র ও রাজনীতির অঙ্গনের পরিচিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন সুপারস্টার রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। অনিরুদ্ধর সঙ্গে রজনীকান্তর পারিবারিক সম্পর্ক রয়েছে। কাব্যর পরিবারও স্ট্যালিনের পরিবারের সঙ্গে আত্মীয়তার সূত্রে যুক্ত।
গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতের চেন্নাইয়ে। আগামী ২১ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র, রাজনীতি, ব্যবসা ও ক্রিকেট অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
অনিরুদ্ধ ও কাব্যর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন ও ক্রিকেট অঙ্গনে আলোচনা চলছিল। তবে তাঁরা কেউই প্রকাশ্যে সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য করেননি। ২০২৫ সালের জুনে তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে অনিরুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ছলে তা নাকচ করেন। সে সময় ভক্তদের উদ্দেশে গুজব না ছড়ানোর আহ্বানও জানিয়েছিলেন তিনি।
তবে পরবর্তী সময়ে বিয়ের আলোচনা আবার সামনে আসে। ২০২৬ সালে অনিরুদ্ধর চাচা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে জানান, তাঁর বিয়ের খবর সত্যি এবং পরিবারে প্রস্তুতি চলছে। এরপর বিষয়টি নিয়ে জল্পনা আরও বাড়ে।
অক্টোবরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে কাব্যর বিয়ের আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিক ইঙ্গিত পাওয়া যায়। সেখানে জানানো হয়, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তাঁর স্ত্রী কাবেরী মারান মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির সঙ্গে দেখা করে মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠানটি ২১ নভেম্বর চেন্নাইয়ে হওয়ার কথা জানানো হয়।
কাব্য মারান ভারতের প্রভাবশালী ব্যবসায়ী পরিবারগুলোর একটির সদস্য। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও কাবেরী মারানের মেয়ে। সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবেও কাজ করছেন।
ক্রিকেট অঙ্গনে কাব্যর পরিচিতি কেবল প্রশাসনিক দায়িত্বের কারণে নয়। আইপিএলের বিভিন্ন ম্যাচে গ্যালারিতে দলের খেলা দেখতে তাঁকে নিয়মিত দেখা যায়। দলের জয়-পরাজয়ে তাঁর প্রতিক্রিয়াও প্রায়ই টেলিভিশন ক্যামেরায় উঠে আসে। ফলে সানরাইজার্সের সমর্থকদের কাছেও তিনি পরিচিত মুখ।
কাব্যর বাবা কালানিথি মারানের ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম প্রধান প্রতিষ্ঠান সান টিভি নেটওয়ার্ক। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে দক্ষিণ ভারতের বড় গণমাধ্যম গোষ্ঠীগুলোর একটি। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি রেডিও, সংবাদপত্র, সম্প্রচার সেবা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যবসায়ও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদও এই গোষ্ঠীর মালিকানাধীন।
অনিরুদ্ধ রবিচন্দর ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সংগীত পরিচালকদের একজন। ২০১২ সালে ধানুশ অভিনীত তামিল সিনেমা ‘থ্রি’-এর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। গানটি ইউটিউবে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ভারতের বাইরেও শ্রোতাদের নজর কাড়ে।
এরপর দক্ষিণ ভারতের চলচ্চিত্রে একের পর এক আলোচিত কাজ উপহার দেন অনিরুদ্ধ। রজনীকান্তর ‘পেট্টা’, ‘দরবার’, ‘জেলার’ ও ‘ভেট্টাইয়ান’, বিজয়ের ‘কাথথি’, ‘মাস্টার’ ও ‘বিস্ট’ এবং অজিতের ‘ভালিমাই’ সিনেমায় তাঁর সংগীত দর্শকদের প্রশংসা পায়। তামিল ও তেলেগু সিনেমার পাশাপাশি ২০২৩ সালে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রেও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি।
সংগীতজগতের পাশাপাশি চলচ্চিত্র পরিবারের সঙ্গেও অনিরুদ্ধর রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি রজনীকান্তর ভাগনে। তাঁর মা লক্ষ্মী রবিচন্দর অভিনেত্রী লতা রজনীকান্তর বোন। ফলে দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে তাঁর পারিবারিক যোগাযোগ দীর্ঘদিনের।
সংগীত ও ক্রিকেট দক্ষিণ ভারতের বিনোদনজগতের দুই পরিচিত নামের এই বিয়ে তাই কেবল দুই পরিবারের আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি; বিয়ের ছবি প্রকাশের পর তা ভক্ত ও অনুসারীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।