Tuesday, November 10, 2026

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড


ফাইল ছবিঃ রাসেল ব্র্যান্ড (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় এক নারী ভক্তকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ৫১ বছর বয়সী এই অভিনেতার সাজা ঘোষণা করেন বিচারক জোয়েল বেনাথান।

চার সপ্তাহের বিচার শেষে গত বৃহস্পতিবার সাতটি অভিযোগের মধ্যে চারটিতে ব্র্যান্ডকে দোষী সাব্যস্ত করেন জুরিরা। দোষী সাব্যস্ত হওয়া অভিযোগগুলোর মধ্যে রয়েছে একটি ধর্ষণ এবং তিনটি যৌন নিপীড়নের ঘটনা। বাকি দুটি ধর্ষণের অভিযোগ ও যৌন নিপীড়নের চেষ্টা-সংক্রান্ত একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।

আদালতের শুনানিতে উঠে আসে, ২০০৯ সালে নিজের একটি অনুষ্ঠানে পরিচয়ের সূত্র ধরে ২১ বছর বয়সী এক নারী ভক্তকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন ব্র্যান্ড। এ ছাড়া ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে একটি পানশালা, বেতারকেন্দ্র ও স্টুডিওতে আরও তিন নারীকে যৌন নিপীড়ন করেন তিনি। বিচার চলাকালে তাঁর বিরুদ্ধে ছয় নারী সাক্ষ্য দেন।

সাজা ঘোষণার সময় বিচারক ব্র্যান্ডের আচরণকে শিকারির সঙ্গে তুলনা করে তাঁকে ‘যৌন শিকারি’ হিসেবে আখ্যায়িত করেন। বিচারক বলেন, নারীদের অসম্মতির বিষয়টি উপেক্ষা করার ক্ষেত্রে ব্র্যান্ডের আচরণে ঔদ্ধত্য ও উদাসীনতা স্পষ্ট। একই সঙ্গে দীর্ঘদিন পর নিজেদের অভিজ্ঞতা আদালতে তুলে ধরার সাহস দেখানো নারীদের প্রশংসা করেন তিনি।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন ব্র্যান্ড। তাঁর দাবি, কারও সম্মতি ছাড়া তিনি কখনো যৌন সম্পর্কে জড়াননি।

সাজা ঘোষণার আগে আদালতে ভুক্তভোগী নারীরা তাঁদের অভিজ্ঞতা এবং এসব ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরেন। যৌন অপরাধের অভিযোগকারীদের পরিচয় গোপন রাখার আইনি বিধান অনুযায়ী তাঁদের নাম প্রকাশ করা হয়নি।

২০০৯ সালে ধর্ষণের শিকার নারী আদালতে জানান, ওই ঘটনার মানসিক যন্ত্রণা তাঁকে প্রতিনিয়ত বয়ে বেড়াতে হচ্ছে। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও বিচারবুদ্ধির ওপর তাঁর আস্থা কমে গেছে। ব্র্যান্ডের পরিচিতি ও জনপ্রিয়তার কারণে অভিযোগ করলে কেউ তাঁকে বিশ্বাস করবে না—এমন ভয়ও কাজ করত তাঁর মধ্যে।

২০০৪ সালে একটি পানশালায় যৌন নিপীড়নের শিকার নারী জানান, দুই দশকের বেশি সময় ধরে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে ব্র্যান্ডকে দেখলেও তাঁর শারীরিক অস্বস্তি তৈরি হতো।

একইভাবে, বেতারকেন্দ্রে নিপীড়নের শিকার আরেক নারী জানান, ঘটনাটি তাঁর জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। টেলিভিশনে ব্র্যান্ডের কণ্ঠ শুনলে কিংবা পর্দায় তাঁর ছবি দেখলে এখনো চমকে ওঠেন তিনি। স্টুডিওতে নিপীড়নের শিকার নারীও জানান, ঘটনার পর কর্মক্ষেত্রকে আর নিরাপদ মনে হতো না।

সাজা নির্ধারণের আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা আদালতে তাঁদের শেষ বক্তব্য তুলে ধরেন। রাষ্ট্রপক্ষ ব্র্যান্ডের অপরাধের গুরুত্ব বিবেচনায় কঠোর সাজা দাবি করে। অন্যদিকে তাঁর আইনজীবীরা সাজা কমানোর আবেদন জানান। এ সময় ব্র্যান্ডের দাতব্য কর্মকাণ্ড এবং মাদক ও অ্যালকোহলের আসক্তি থেকে অন্যদের বেরিয়ে আসতে সহায়তা করার বিষয়টি তুলে ধরা হয়।

উভয় পক্ষের বক্তব্য ও ভুক্তভোগীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে আদালত তাঁকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দেন।

সাজা ঘোষণার দিন আদালতে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের স্ত্রী লরা ও তাঁর বাবা। শুনানির সময় ভুক্তভোগীদের বক্তব্য শোনার পাশাপাশি তাঁর হাতে একটি জপমালা দেখা যায়। গত বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তিনি কারাগারে ছিলেন। সাজা ঘোষণার পর তাঁকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগের তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো নতুন দণ্ডাদেশ হয়নি।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন, নিয়ন্ত্রণমূলক আচরণ ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসে। দ্য সানডে টাইমস, দ্য টাইমস এবং চ্যানেল ফোরের অনুসন্ধানী অনুষ্ঠান ‘ডিসপ্যাচেস’-এর যৌথ অনুসন্ধানে কয়েকজন নারী তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী সময়ে গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

১৯৭৫ সালে ইংল্যান্ডের এসেক্সে জন্ম রাসেল ব্র্যান্ডের। স্ট্যান্ডআপ কমেডির মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। ২০০০-এর দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পান। এমটিভিতে কাজ করার পাশাপাশি চ্যানেল ফোরের ‘বিগ ব্রাদারস বিগ মাউথ’ অনুষ্ঠান তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরে বিবিসি রেডিওতেও কাজ করেন।

টেলিভিশনের পাশাপাশি হলিউডের চলচ্চিত্রেও অভিনয় করেছেন ব্র্যান্ড। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ফরগেটিং সারাহ মার্শাল’। ২০১০ সালে মার্কিন পপ তারকা কেটি পেরিকে বিয়ে করে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। তবে ১৪ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ ঘটে।

পরবর্তী সময়ে মূলধারার বিনোদনজগৎ থেকে অনেকটা দূরে সরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে ভিডিও তৈরি শুরু করেন ব্র্যান্ড। ষড়যন্ত্রতত্ত্ব প্রচার এবং খ্রিষ্টধর্ম গ্রহণের পর যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহলেও তাঁর অনুসারী বাড়ে।

একসময় বিনোদনজগতের জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত এই অভিনেতার বিরুদ্ধে একাধিক যৌন অপরাধের অভিযোগ এবং সর্বশেষ আদালতের দণ্ডাদেশ তাঁর ক্যারিয়ারে বড় ধরনের পতনের চিত্র তুলে ধরেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন