Tuesday, November 10, 2026

তিন ঘণ্টার সিনেমার চমক, নেটফ্লিক্সে দক্ষিণ কোরিয়ায় শীর্ষে ‘পসিবল লাভ’


ছবিঃ ‘পসিবল লাভ’ সিনেমার দৃশ্য (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দীর্ঘ তিন ঘণ্টার ধীরগতির সিনেমা সাধারণত স্ট্রিমিং প্ল্যাটফর্মের দর্শকদের খুব একটা আকৃষ্ট করে না। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্স দর্শকদের মধ্যে এমন ছবির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সেই ধারণা পাল্টে দিয়েছে নির্মাতা লি চ্যাং-দংয়ের নতুন চলচ্চিত্র ‘পসিবল লাভ’। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সিনেমাটি দক্ষিণ কোরিয়ায় নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমার তালিকার শীর্ষে উঠে এসেছে। রোববার সকালেও অবস্থান ধরে রেখেছিল ছবিটি।

শুক্রবার বিকেল ৫টায় নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। নেটফ্লিক্স প্রতিদিন দেশভিত্তিক জনপ্রিয় সিনেমা ও সিরিজের তালিকা প্রকাশ করে। ২০২৩ সাল থেকে কনটেন্টের মোট দেখার সময়কে সেটির দৈর্ঘ্য দিয়ে ভাগ করে এসব তালিকার অবস্থান নির্ধারণ করা হচ্ছে।

‘পসিবল লাভ’ মুক্তির আগে সোমবার নেটফ্লিক্সে প্রকাশ করা হয় নির্মাতা লি চ্যাং-দংয়ের ২০২২ সালের ২৮ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হার্টবিট’। নতুন সিনেমাটির গল্পের সঙ্গে এই স্বল্পদৈর্ঘ্য ছবির একটি যোগসূত্র রয়েছে। এতে ধর্মঘটের প্রভাবে একটি সংগ্রামী পরিবারের জীবনে তৈরি হওয়া সংকট তুলে ধরা হয়েছে। দুই ছবিতেই দম্পতির চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা সুল কিয়ং-গুও ও অভিনেত্রী জিওন দো-ইয়ন।

নেটফ্লিক্সে আসার আগে গত ২৩ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পসিবল লাভ’। দুই সপ্তাহের প্রদর্শনীতে কোরিয়ান ফিল্ম কাউন্সিলের হিসাব অনুযায়ী, ছবিটি দেখেছেন ২ লাখ ৩০ হাজার ৪৭২ জন দর্শক।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ভিন্ন আর্থসামাজিক অবস্থানের দুটি দম্পতিকে ঘিরে। একটি তথ্যচিত্র নির্মাণের সূত্র ধরে তাঁদের জীবনের গল্প এক জায়গায় এসে মিলে যায়। সুল কিয়ং-গুও ও জিওন দো-ইয়ন অভিনয় করেছেন চাকরি হারানো এক কারখানাশ্রমিক ও তাঁর স্ত্রীর চরিত্রে। অন্যদিকে ধনী স্বামীর (জো ইন-সাং) সঙ্গে তাঁদের জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণে যুক্ত হন পরিচালক চরিত্রে অভিনয় করা চো ইয়ো-জং।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’-এর পর এটি লি চ্যাং-দংয়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গত সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হয়। সেখানে উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার অর্জন করে ছবিটি। এরপর থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পাচ্ছে ‘পসিবল লাভ’। অনেক সমালোচকের বিবেচনায়, এটি চলতি বছরের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র।

আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটির সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছে। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে এটি। পাশাপাশি গথাম অ্যাওয়ার্ডসের তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। এর মধ্যে জিওন দো-ইয়নের জন্য রয়েছে সেরা প্রধান অভিনয়শিল্পীর মনোনয়ন।

সিনেমাটি নির্মাণের পর দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে নিয়মিত প্রদর্শনের জন্য বিনিয়োগকারী খুঁজে পেতে সমস্যায় পড়েছিলেন লি চ্যাং-দং। স্থানীয় গণমাধ্যমে তিনি একাধিকবার এ কথা জানিয়েছেন। পরে নেটফ্লিক্স ছবিটির সঙ্গে যুক্ত হয়। নির্মাতাকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী মুক্তির ব্যবস্থাও করে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

প্রেক্ষাগৃহের সীমিত প্রদর্শনী থেকে শুরু করে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বীকৃতি সবশেষে নেটফ্লিক্সের জনপ্রিয়তার তালিকায় শীর্ষস্থান দখল, ‘পসিবল লাভ’-এর এই যাত্রা দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন