- ০৭ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। সাত ঘণ্টার এ সংগীত আয়োজনে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। আয়োজকদের লক্ষ্য, সংগীতের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা এবং ঐক্য, সম্প্রীতি ও উদারতার বার্তা ছড়িয়ে দেওয়া।
আয়োজক সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটায় দর্শকদের জন্য কনসার্টের প্রবেশপথ খুলে দেওয়া হবে। মূল পরিবেশনা শুরু হবে বিকেল চারটায়। এর আগে বেলা তিনটায় একই স্থানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। সভায় সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
কনসার্টে অংশ নেওয়া ব্যান্ড ওয়ারফেজ এক ভিডিও বার্তায় জানিয়েছে, ঐক্য, সম্প্রীতি ও অদম্য চেতনার বাংলাদেশকে উদ্যাপন করতে তারা দর্শকদের সঙ্গে মিলিত হতে যাচ্ছে। ব্যান্ডটির দলনেতা শেখ মনিরুল আলম জানিয়েছেন, তাঁদের পরিবেশনা চলবে প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট। এ সময় ‘হারিয়ে তোমাকে’, ‘বসে আছি’ ও ‘পূর্ণতা’র মতো জনপ্রিয় গান পরিবেশন করবে ব্যান্ডটি।
আয়োজকদের প্রত্যাশা, বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে উঠবে প্রাণবন্ত। সংগীতের পাশাপাশি আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরারও উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।