- ০৩ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বলিউড অভিনেতা তুষার কাপুরের কাছে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ফোনে নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দেন এক ব্যক্তি। হুমকি পাওয়ার পর মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে তুষার কাপুরকে ভয় দেখানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে। হুমকির ফোনের সঙ্গে গ্যাংটির সরাসরি কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ সংস্থা আইএএনএসের বরাতে জানা গেছে, মুম্বাই পুলিশের সূত্র জানিয়েছে, তুষার কাপুরের কাছে ফোন করে পাঁচ কোটি রুপি দাবি করেন এক ব্যক্তি। নিজেকে হ্যারি বক্সার পরিচয় দিয়ে তিনি অভিনেতাকে হুমকি দেন। পরে বিষয়টি পুলিশকে জানান তুষার।
অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও ক্রাইম ব্রাঞ্চকে। ফোনে হুমকি দেওয়া ব্যক্তিকে শনাক্ত করতে বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
তদন্তের অংশ হিসেবে হুমকির ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা করেছে ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তি বিভাগ। পুলিশের কাছে সংরক্ষিত হ্যারি বক্সারের কণ্ঠস্বরের নমুনার সঙ্গে ওই রেকর্ডিং মিলিয়ে দেখা হয়। তবে দুই কণ্ঠস্বরের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ কারণে ফোনটি ভুয়া হওয়ার সন্দেহ আরও জোরালো হয়েছে। পুলিশের ধারণা, আতঙ্ক সৃষ্টি ও চাঁদা আদায়ের উদ্দেশ্যে কেউ বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে থাকতে পারেন।
হুমকির অডিও রেকর্ডিং পাঠানো ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে হ্যারি বক্সারের সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পাঁচ কোটি রুপি চাঁদা দাবির পেছনে কারা রয়েছে এবং এর সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।