Wednesday, October 28, 2026

তানজিন তিশাকে ঘিরে নতুন আইনি জটিলতা, আদালতের সমন জারি


ফাইল ছবিঃ তানজিন তিশা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁকে সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে দীর্ঘদিনের অর্জন, পেশাগত সুনাম ও ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত তাঁর ফেসবুক পোস্টে তানজিন তিশা দাবি করেন, তাঁর একটি বক্তব্যের রেকর্ড থেকে বেছে বেছে কিছু অংশ কেটে এমনভাবে প্রচার করা হয়েছে, যাতে মূল বক্তব্যের অর্থ বদলে যায়। তাঁর অভিযোগ, এভাবে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। পোস্টের সঙ্গে দুটি শাড়ি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর ছবিও যুক্ত করেছেন তিনি।

পোস্টে তিশা প্রশ্ন তোলেন, একজন মানুষের দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংস করার এমন পরিকল্পনার পেছনে কারা রয়েছেন এবং তাঁদের উদ্দেশ্যই বা কী।

অভিযোগ উঠলেই কাউকে দোষী ধরে নেওয়ার প্রবণতার সমালোচনা করে এই অভিনেত্রী বলেন, কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত নয়। তাঁর মতে, অভিযোগের সত্য-মিথ্যা নির্ধারণের জন্য যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

তিশার দাবি, পুরো ঘটনা সম্পর্কে তাঁর কাছে বেশ কিছু তথ্য ও প্রমাণ রয়েছে। তবে সেগুলো জনসমক্ষে তুলে ধরার দায়িত্ব আদালতের, নাকি দায়িত্বশীল সাংবাদিকতার সে প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি কোনো ব্যক্তির বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এনে সামাজিক মাধ্যমে তাঁর সম্মানহানি করা কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন রেখেছেন অভিনেত্রী।

তানজিন তিশাকে ঘিরে শাড়িসংক্রান্ত বিতর্কের শুরু গত বছরের অক্টোবরে। অনলাইন পোশাক বিক্রির প্রতিষ্ঠান অ্যাপোনিয়ার স্বত্বাধিকারী বিলকিস ওয়াজির অভিযোগ, ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি জামদানি শাড়ি প্রচারণার শর্তে তিশাকে দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেত্রী প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা করেননি এবং শাড়ির দামও পরিশোধ করেননি বলে অভিযোগ করেন তিনি।

তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিশা। তাঁর বক্তব্য, শাড়িটি তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলার আইনি প্রক্রিয়া চলছে।

এর বাইরে ৭৫ হাজার টাকা মূল্যের আরেকটি শাড়ি নিয়ে তিশার বিরুদ্ধে মামলা করেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তাঁর কাছ থেকে শাড়িটি নিয়েছিলেন। পরদিন ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি। শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

সানায়া চৌধুরীর করা একটি মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছিল। তবে বাদীপক্ষ ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করলে গত ২৫ অক্টোবর আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর পরদিন, ২৬ অক্টোবর, আগের মামলাটি প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেন সানায়া চৌধুরী। বাদীপক্ষের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমে তাঁকে ভয়ভীতি দেখানো হয়েছে। মামলা প্রত্যাহার না করলে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সব মিলিয়ে শাড়ি নিয়ে একাধিক অভিযোগ ও মামলার কারণে আইনি জটিলতার মধ্যে রয়েছেন তানজিন তিশা। অন্যদিকে, এসব অভিযোগের প্রেক্ষাপটে নিজের অবস্থান তুলে ধরে বিচারপ্রক্রিয়ার মাধ্যমে সত্য উদ্‌ঘাটনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। মামলাগুলোর অভিযোগ ও পাল্টা বক্তব্যের চূড়ান্ত নিষ্পত্তি হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন