Wednesday, October 28, 2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে অসন্তোষ, সিইসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক


ছবিঃ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ ও উদ্বেগের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে উপনির্বাচনের পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে, আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময়সূচি নির্ধারিত রয়েছে। এসব নির্বাচন সামনে রেখে ভোটের পরিবেশ, আচরণবিধি এবং নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জোটটি।

বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে চারজন নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব উপস্থিত রয়েছেন। ১১ দলীয় ঐক্যের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের হামিদুর রহমান আযাদ জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় তোলা হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে জোটের পক্ষ থেকে লিখিত প্রস্তাবও জমা দেওয়া হবে। এসব প্রস্তাবে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হবে।

১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্য নেতারা।

এর আগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কতটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচার চলাকালে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচনি অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছিল জামায়াতে ইসলামী।

নির্বাচনের ঠিক আগের দিন অনুষ্ঠিত এই বৈঠকে জোটের পক্ষ থেকে উত্থাপিত উদ্বেগ ও প্রস্তাবের বিষয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন