Wednesday, October 28, 2026

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আ.লীগ: রিজভী


ছবিঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদ্যুৎ খাতসহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে অনিয়মের পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ যৌথভাবে ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের প্রতিটি খাত ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য। সরকারের প্রতিটি কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠান বা খাতকে এই ব্যবস্থার বাইরে রাখার সুযোগ নেই।

দেশে শতভাগ বিদ্যুতায়নের দাবি থাকলেও এখনো প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, দরিদ্র অনেক পরিবার অন্যের সঙ্গে বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করে। ফলে বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান দিয়ে মানুষের আর্থিক অবস্থা কিংবা দারিদ্র্যের প্রকৃত চিত্র নির্ধারণ করা সব সময় সম্ভব নয়।

দারিদ্র্য নিরূপণে বিদ্যুৎ ব্যবহারের তথ্য কাজে লাগানোর ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, গবেষণার মাধ্যমে নতুন ধারণা ও প্রশ্ন সামনে আসা উচিত। কোনো পরিসংখ্যানকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ না করে তা যাচাই-বাছাই করা প্রয়োজন।

অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের সুযোগ রয়েছে এবং এ খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও রয়েছে। নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করা গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে বলে মন্তব্য করেন তিনি। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার সুযোগ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভী। তাঁর আশা, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে বিদ্যুৎ খাতে অতীতের অনিয়মের পুনরাবৃত্তি রোধে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর আবারও গুরুত্বারোপ করেন তিনি। রিজভী বলেন, যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় রাখতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন